
শেষ আপডেট: 30 October 2020 10:24
শীত বা হেমন্তের শুরুতে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে আমরা সকলেই নিজের সাজ পোশাকে অনেক বদল আনি। শুধু তো শীতবস্ত্র নয়, পোশাকের রঙ, সঙ্গে মানানসই লিপস্টিক এইসব নিয়ে আজকের দিনে প্রায় সব মেয়েই নানা ভাবনা চিন্তা করে। সেই সঙ্গে নজর থাকে কোন তারকা কখন কেমন সাজছেন।
সাধারণত শরতের পরেই আকাশের রং বদলে যায় অনেকটা। এমন দিনের জন্য একটু রঙিন পোশাক পরতেই সাজেস্ট করেন স্টাইলিস্টরা। তবে লাল, কালো এমন একরঙের অর্থাৎ সলিড কালারের পোশাকেও নজর-কাড়া লুক তৈরি করা যায়। যেমন রাধিকার এই ব্ল্যাক ড্রেস কম শীতের জন্য আদর্শ। তবে এই একরঙা পোশাকের ডিজাইন একটু অন্যরকম। কালো ছোট পোশাক তো অনেকেই পরেন। কিন্তু এই ড্রেসের নীচে গাঢ় গোলাপি রঙের অভিনব কাজ একেবারে আলাদা। আর তাতেই রাধিকাকে লাগছে মোহময়ী।
দিওয়ালি থেকে নতুন বছরের শুরু পর্যন্ত নানা রকম পার্টি থাকে। আর সারাবছর না-পরা পোশাক যেমন জ্যাকেট, কোট, ব্লেজার, এগুলো পরার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। যেমন রাধিকার গোলাপি প্রিন্টেড ব্লেজার। এর সঙ্গে সাজতে গেলে যে খুব খাটতে হবে এমনটাও না। ন্যুড মেকআপ, ডার্ক লিপস্টিক, আর খোলা চুলে রাধিকার মতো আপনারাও নজর কাড়তে পারবেন।
হেমন্তের শুরুতে একটু ঠান্ডা পরতে শুরু করলেই পুলওভার বা হাল্কা সোয়েটারের কোনও বিকল্প নেই। রাধিকা তাই পরেছেন সাদা পুলওভারের সঙ্গে নীল শর্টস। সাদা আর নীল ডেনিম খুব কমন কালার কনট্রাস্ট। কিন্তু তাতেও অন্যরকম সাজা যায়। বন্ধুদের সাথে আড্ডা কিংবা টুকটাক বেরনোর জন্য এমন সাজ একেবারে পারফেক্ট।
এছাড়া ট্রাউজারের সঙ্গে ঢিলেঢালা সোয়েটারের ফ্যাশনে ইন অনেকদিন ধরেই। এমন পোশাক পছন্দ রাধিকারও। তাই তো তিনি পরেছেন হলুদ ঢিলে সোয়েটার টপ সঙ্গে সাদা ট্রাউজার। পায়ে ম্যাচিং সাদা রঙের হিল জুতো। হাতে রোজ গোল্ড কালারের ঘড়ি। সাধারণ পোশাকেও অসাধারণ হয়ে উঠেছেন তিনি।