ভক্তদের অশ্রুসিক্ত বিদায়ের সঙ্গে তাল মিলিয়ে এদিন নিঃশব্দে প্রিয় মানুষটিকে বিদায় জানাল এই চার সঙ্গীও।

জুবিনকে শেষ বিদায় পোষ্যদের
শেষ আপডেট: 22 September 2025 23:34
দ্য ওয়াল ব্যুরো: 'কুকুর মানুষের পরম বন্ধু' — এই বিশ্বাস আবারও সত্যি করে দিলেন অসমের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের চার প্রিয় সঙ্গী (Zubeen Garg pet dogs)। সিঙ্গাপুরে আকস্মিকভাবে প্রয়াত হওয়া গায়কের শেষকৃত্যের আগে গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে তাঁকে শেষবারের মতো দেখতে হাজির হয়েছিল লাখো ভক্ত। সেই ভিড়ের মাঝেই নজর কেড়েছে চার বিশেষ অতিথি— জুবিনের পোষ্য কুকুর ইকো, টিয়া, র্যাম্বো ও মায়া (Echo, Tiya, Rambo, Maya)।
ভক্তদের অশ্রুসিক্ত বিদায়ের সঙ্গে তাল মিলিয়ে এদিন নিঃশব্দে প্রিয় মানুষটিকে বিদায় জানাল এই চার সঙ্গীও। তাঁদের উপস্থিতি মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলল। দীর্ঘদিন ধরে জীবনের প্রতিটি পদক্ষেপে শিল্পীর পাশে থেকেছে এই কুকুররা। তাদের নির্ভরতা, নিঃশর্ত ভালোবাসা আর আদরে পূর্ণ ছিল জুবিনের জীবন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “অনেকেই বলেন, যদি কুকুর আপনাকে ভালোবাসে তবে বুঝতে হবে আপনি সত্যিই মহান মানুষ। জুবিন গর্গের সঙ্গে ওদের সম্পর্ক ছিল পরিবারের মতো। আজ ওদের চোখে-মুখে যে বেদনা দেখলাম, তা আমাদের সবার শূন্যতাকে আরও বড় করে তুলল।”
দর্শক ও উপস্থিত মানুষেরা বলছেন, এ যেন মানুষের ভালোবাসার সীমানা ছাড়িয়ে গিয়েছিল। প্রিয় শিল্পীর সুর যেমন মানুষের মনে আজীবন বেঁচে থাকবে, তেমনই তাঁর চার সঙ্গীর মনে থেকে যাবে মালিকের কণ্ঠস্বর— যে ডাক শুনলেই ছুটে যেত তারা।

জুবিনের পোষ্যরা
সারুসাজাই স্টেডিয়ামের সেই দৃশ্য স্পষ্ট করে দিল— ভালোবাসা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্কও হতে পারে গভীর টানে বাঁধা, যা মৃত্যুকেও অতিক্রম করে যায়।

সোনাপুরের (Sonapur) কামারকুচির হাটিমুরায় প্রায় ১০ বিঘা জমিতে জুবিনের সমাধিস্থল (Samadhisthal) গড়ে তোলা হচ্ছে। মঙ্গলবার সকাল আটটা নাগাদ তাঁর শেষকৃত্যের কাজ (Final Rites) শুরু হবে বলে জানা গেছে। হাজার হাজার ভক্ত সেখানে ভিড় জমাবেন বলে প্রশাসনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু সরকার নয়, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব দলের নেতারা একসঙ্গে এই আয়োজনের অংশ হতে চলেছেন।