চ্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী, ‘সাত পাকে বাঁধা’ সম্প্রচারিত হবে রাত ৯টার স্লটে। এতদিন এই সময়েই দেখা যেত জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। এই খবর সামনে আসতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন বহু দর্শক।
.jpeg.webp)
শেষ আপডেট: 9 February 2026 18:55
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার (Zee Bangla) পর্দায় খুব শিগগিরই শুরু হচ্ছে দু’টি নতুন ধারাবাহিক। একটি রাহুল মজুমদার ও সম্পূর্ণা রক্ষিত অভিনীত ‘সাত পাকে বাঁধা’, অন্যটি সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারের ‘কমলা নিবাস’। নতুন মেগার ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সম্প্রচারের সময়সূচি বদলের বিষয়টি।
চ্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী, ‘সাত পাকে বাঁধা’ সম্প্রচারিত হবে রাত ৯টার স্লটে। এতদিন এই সময়েই দেখা যেত জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। এই খবর সামনে আসতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন বহু দর্শক। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে—যে ধারাবাহিক শুরু থেকেই ভাল সাড়া পেয়েছে এবং নিয়মিত টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে, তার স্লট কেন বদলানো হল?
‘জোয়ার ভাঁটা’-র অনুরাগীদের একাংশের দাবি, অভিনেত্রী আরাত্রিকার ক্ষেত্রে যেন বারবার একই ঘটনা ঘটছে। তাঁদের মতে, আগে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের সময়ও একাধিকবার স্লট বদল হয়েছিল। তাই এই পরিবর্তনে হতাশা আরও বেড়েছে দর্শকদের মধ্যে।
তবে ‘জোয়ার ভাঁটা’ বন্ধ হচ্ছে না বা প্রাইম টাইম থেকে পুরোপুরি সরে যাচ্ছে না। ১৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকটির সময় আধ ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। অর্থাৎ দর্শকরা আগের চেয়ে একটু আগে ‘জোয়ার ভাঁটা’ দেখতে পাবেন। একই দিনে ‘আমাদের দাদামণি’-র জায়গায় শুরু হবে ‘নিশা-উজিরা’।
এতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—তাহলে কি শেষ হচ্ছে প্রতীক সেনের ‘দাদামণি’? চ্যানেল সূত্রে জানা যাচ্ছে, এমনটা নয়। আপাতত বন্ধ হচ্ছে ‘আনন্দী’। সেই স্লটেই, অর্থাৎ রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে ‘দাদামণি’।
এর পাশাপাশি নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’-র গল্প নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। গল্পের কেন্দ্রবিন্দু শাওন—এক প্রভাবশালী শিক্ষামন্ত্রীর মেয়ে। বড়লোকের বাড়িতে বড় হলেও ভালোবাসার অভাব তার জীবনের বড় সমস্যা। রাজকীয় বাড়িতে থেকেও সে একা।
অন্যদিকে শুভ একেবারেই আলাদা জগতের মানুষ। শিক্ষামন্ত্রীর বাড়িতে সাধারণ কাজ করে সে। ছোট্ট ঘরে থাকলেও শুভর সংসার ভালোবাসায় ভরা। বাবা-মায়ের আদরের ছেলে, দিদির খুব কাছের মানুষ শুভ। প্রোমোতেই দেখা গিয়েছে, শাওনের বাবা বীরেন্দ্র চক্রবর্তীর আচরণ মেয়ের প্রতি ভীষণ কঠোর। কোনও অজানা কারণে তিনি নিজের মেয়েকেই সহ্য করতে পারেন না।
এই অবস্থায় ধনী পরিবারের মেয়ের সঙ্গে দরিদ্র পরিবারের ছেলের সম্পর্ক কোন পথে এগোবে, কী নতুন বাধা বা মোড় আসবে—সেটাই এখন দেখার। নতুন মেগা ও স্লট বদল ঘিরে দর্শকের উত্তেজনা তুঙ্গে, আর প্রাইম টাইমে জি বাংলার লড়াই যে আরও জমে উঠতে চলেছে, তা বলাই যায়।