.jpeg)
রণবীর আল্লাবাদিয়া (ফাইল চিত্র)
শেষ আপডেট: 18 February 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে শোনা হল রণবীর আল্লাবাদিয়ার কেস। আপাতত স্বস্তি পেলেন ইউটিউবার। শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হল, এই ঘটনায় তাঁর বিরুদ্ধে আর কোনও এফআইআর করা যাবে না। পাশাপাশি নিরাপত্তার প্রশ্ন উঠলে তখনই যেন পুলিশে খবর দেওয়া হয়।
জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না পরিচালিত 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে শিরোনামে উঠে আসেন ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। অভিযোগ দায়ের হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ক্ষিপ্ত একাংশ। বিভিন্ন রাজ্য থেকে সমন পাঠানো শুরু হয়। এই পরিস্থিতিতে তিনি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আইনজীবী অভিনব চন্দ্রচূড়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন যাতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে দায়ের করা এফআইআরগুলিকে একত্রিত করে একটি মাত্র মামলায় রূপান্তরিত করা হয়।
সেই আবেদনই আজ সুপ্রিম কোর্টে বিচারপতি এন কোটিশ্বর সিং ও বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে শোনা হয়। শুনানির শুরু রোস্টিংয়ের মাধ্যমে করেন বিচারপতিদ্বয়। প্রথমেই জানিয়ে দেওয়া হয়, 'মাথায় নোংরা কিছু তো চলছিলই সেসময়।' তারপরই শীর্ষ আদালত জানতে চায়, এই ধরনের জিনিসপত্র আদালত কেন প্রশ্রয় দেবে।'
এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, 'টেলিভিশনে এমন মন্তব্যের জেরে বাবা-মায়ের সম্মানের কী অবস্থা করেছেন, আমরা জানি, কোথা থেকে আপনি প্রশ্নগুলো নিয়েছিলেন। সমাজে কিছু শ্রেণি আছে, যারা টেলিভিশন প্রোগ্রাম দেখার আগে সতর্ক করে। কোন বয়সের জন্য কোন প্রোগ্রাম তার উল্লেখ থাকে। কিন্তু কেউ জনপ্রিয় বলেই সে যা ইচ্ছে বলতে পারে, সমাজকে নিজের ইচ্ছে মতো চালাতে পারে, এমন নয়। আপনি বলুন, পৃথিবীতে এমন কে আছে, যারা এই ধরনের কথা পছন্দ করবে।'
এখানেই শেষ নয়। এরপরই বিচারপতি বলেন, 'যে ভাষায় আপনি কথা বলেছেন, তাতে বাবা-মায়েরা লজ্জা পাবেন। বোনেরা লজ্জা পাবেন। গোটা সমাজের মাথা মাটিতে মিশে যাবে। তুমি ও তোমার সহযোগীরা মানসিক বিকৃতির প্রকাশ করেছ।'
আল্লাবাদিয়া জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার খুনের হুমকি পাচ্ছেন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, 'আমাদের একটি বিচার বিভাগীয় ব্যবস্থা রয়েছে। আইনি নিয়ম মানতে আমরা বাধ্য। যদি হুমকি আসে, আইন ব্যবস্থা নেবে।
আমরা এটা সাপোর্ট করছি না। আমার মনে হয়, রাজ্যের তরফে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।'