
শেষ আপডেট: 9 April 2022 06:30
দ্য ওয়াল ব্যুরো: ইয়োহানি ডি সিলভা (Yohani Sri Lanka)। ‘মানিকে মাগে হিতে’ (Manike mage hithe) গানে গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার এই জনপ্রিয় ইউটিউবার তথা সঙ্গীতশিল্পীর দেশ এখন চরম সঙ্কটে। দেশের এই দুর্দিনে প্রাণ কাঁদছে ইয়োহানির।
শ্রীলঙ্কায় গত কয়েকদিন যাবৎ অর্থনৈতিক সঙ্কট চরমে পৌঁছেছে। একে একে সেদেশের পেট্রল ডিজেল, কাগজ, বিদ্যুৎ সবকিছুই ফুরিয়ে এসেছে। ভাঁড়ারও প্রায় শূন্য। চরম বিপদে পড়েছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ।
আরও পড়ুন: সোনমের শ্বশুরবাড়িতে দুঃসাহসিক চুরি! দেড় কোটির গয়না খোয়া গেছে
ইয়োহানি কাজের সূত্রে এখন ভারতে রয়েছেন। কিন্তু তাঁর মন পড়ে রয়েছে শ্রীলঙ্কায়। দেশের এই দুরবস্থা দেখে তাঁর মন কেমন করছে। ভিডিও বার্তা দিয়ে তিনি তাই সকলের কাছে আবেদন জানালেন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর।
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ইয়োহানি ডি সিলভা। সেখানেই তিনি জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কতটা চিন্তিত। ইয়োহানি বলেছেন, আমার দেশ ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ওঁদের পাশে দাঁড়াতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। আমার দেশের মানুষ খুব সুন্দর, আমি এটা সবাইকে বলি। একজন শিল্পী হিসেবে এবং ব্যক্তিগতভাবেও আমি সবসময় অরাজনৈতিক থেকেছি। ভবিষ্যতেও তাই থাকব। কিন্তু শ্রীলঙ্কার একজন প্রতিনিধি হিসেবে আমি আন্তর্জাতিক ক্ষেত্রে সকলের কাছে অনুরোধ করছি আমার দেশের পাশে দাঁড়ানোর জন্য। আশা করছি ভারতে এবং বাইরের অন্যান্য দেশেও যেখানে আমার যত অনুরাগী রয়েছেন তাঁরা সকলে আমার দেশের পাশে দাঁড়াবেন সাধ্যমতো। এই কঠিন সময়ে সেটা খুব দরকার।
ইয়োহানির গাওয়া গানের তালে তালে নেচে উঠেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। ‘মানিকে মাগে হিতে’ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায়। এরপরই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে সেই গানের কলি এবং গায়িকা ইয়োহানির নাম। ভাষার দুর্বোধ্যতা সেখানে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। শ্রীলঙ্কার এই কঠিন সময়ে নিজের সেই সমস্ত ভক্তের কাছে আবেদন রাখলেন শ্রীলঙ্কান তারকা।