
বগলা মামা যুগ যুগ জিও
শেষ আপডেট: 16 July 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: হাসির ছবি খানিকটা টাটকা ঠান্ডা বাতাসের মতো। আর সেই গল্প যদি সাহিত্য নির্ভর হয়, তা হলে তো সোনায় সোহাগা। ঠিক যেমন 'বগলা মামা যুগ যুগ জিও'। আমাদের চারপাশটা ভার্চুয়ালি বাড়তে থাকলেও আদপে ক্রমশ ছোট হয়ে আসছে। নিউক্লিয়ার পরিবারের যুগে আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নিয়ে বৃহত্তর পরিবারকে নিয়ে বাঁচার কথা বলেন বগলা মামা।
আশির দশকের প্রেক্ষাপটে তৈরি বাংলা কমেডি ছবি 'বগলা মামা যুগ যুগ জিও'। আপাতদৃষ্টিতে রসিক অথচ আবেগপ্রবণ বগলাচরণ ভট্টাচার্য। পেশায় চাকুরিরত হলেও সারাক্ষণই থিয়েটার নিয়ে মেতে থাকেন তিনি। মামার সঙ্গী কেবু এবং তার দলবল। এর আগে বাংলা কৌতুক সাহিত্যের মধ্যে টেনিদাকে দর্শক বড় পর্দায় দেখেছিলেন। তবে সাহিত্যিক রাজকুমার মৈত্রের সৃষ্ট বগলা মামার প্রথমবার পর্দায় আবির্ভাব হয়েছে।
গত বছর নভেম্বর মাসে হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় 'বগলা মামা যুগ যুগ জিও'। ওটিটিতে সাফল্যের পর ইতিমধ্যে ছবিটি টিভিতেও দেখানো হয়েছে। গত ১৪ জুলাই রবিবার দুপুর ১টায় স্টার জলসা মুভিজে এই ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ছিল।
বগলা মামা ছবিতে নাম ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। এছাড়াও আছেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, দিতিপ্রিয়া রায়, কৌশিক সেন, রেশমি সেন এবং সুমিত সমাদ্দার, অপরাজিতা আঢ্য, বিশ্বনাথ বসু, নরেন ভট্টাচার্য।