শাহরুখ খানের জন্মদিনে প্রতি বছর ভক্তদের ভিড়ে ভরে ওঠে ‘মন্নত’। তবে এ বছর চলছে পুনর্নির্মাণের কাজ। জন্মদিনে কি আদৌ দেখা দেবেন শাহরুখ?

শাহরুখ খান
শেষ আপডেট: 31 October 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খান-এর কাছে তাঁর ভক্তরা ‘কিং’। আর এই 'গুরুদেব'-দের কাছে ২ নভেম্বর একটি বড় উৎসবের দিন। প্রতি বছর কিং খানের জন্মদিনে মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন 'মন্নত'-এর সামনে ভিড় জমান অসংখ্য অনুরাগী। বার্থডে বয়ও নিয়ম করে ভক্তদের দেখা দেন।
তবে এ বছর ছবিটা কিছুটা ভিন্ন হতে চলেছে। কারণ, 'মন্নত'-এ এখন পুনর্নির্মাণের কাজ চলছে। তাই শাহরুখ ও তাঁর পরিবার বর্তমানে আলিবাগের এক বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া থাকছেন। এই কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, এ বছর জন্মদিনে 'মন্নত' কি তবে ফাঁকা থাকবে?
সাধারণত, শাহরুখ ২ মিনিটের জন্য হলেও 'মন্নত'-এর ব্যালকনিতে এসে দাঁড়ান। দু'দিকে হাত ছড়িয়ে তাঁর সেই চেনা পোজ অথবা 'ফ্লাইং কিস' ছুঁড়ে দেন অনুরাগীদের দিকে। আর তাতেই ভক্তরা আনন্দে ফেটে পড়েন।
এই বছরও অনুরাগীদের সেই আশা পূরণ হবে কিনা, তা জানতে চেয়ে একজন ভক্ত সরাসরি 'এক্স' (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে শাহরুখকে প্রশ্ন করেন, "এ বছর জন্মদিনে কি মন্নত-এ আসবেন?"
ভক্তদের আশ্বস্ত করে শাহরুখ উত্তর দেন, "হ্যাঁ, যাব। তবে এ বার আমাকে একটা টুপি পরতে হবে।" শাহরুখ যে পুরো উত্তরটাই মজার ছলে দিয়েছেন, তা স্পষ্ট। তবে এই উত্তরের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে নির্মাণকাজ চললেও জন্মদিনে তিনি ভক্তদের সঙ্গে দেখা করার জন্য 'মন্নত'-এ যাবেন। এর ফলে শাহরুখ-ভক্তদের মধ্যে উল্লাস শুরু হয়েছে।