বিশেষ দিনে স্বামীকে চোখের জলে শেষবিদায় জানাতে হাজির ছিলেন স্ত্রী গরিমা শইকীয়া। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, গরিমা সুপুরি দিয়ে পান সাজছেন।

শেষ আপডেট: 23 September 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত গায়ক জ়ুবিন গর্গকে শেষ বিদায় জানাতে হাজির ছিল গোটা অসম। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। রবিবার কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় গুয়াহাটিতে। তারপর থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। মঙ্গলবার সকাল দশটায় কামরুচির সোনাপুরে সম্পন্ন হয় অন্ত্যেষ্টিক্রিয়া।
এই বিশেষ দিনে স্বামীকে চোখের জলে শেষবিদায় জানাতে হাজির ছিলেন স্ত্রী গরিমা শইকীয়া। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, গরিমা সুপুরি দিয়ে পান সাজছেন। জ়ুবিন পানের বড় ভক্ত ছিলেন। এই পানই গরিমার তরফে প্রয়াত স্বামীর জন্য শেষ উপহার।
A final gift for a final goodbye. Garima Saikia Garg prepares the last tribute to bid farewell to Zubeen Garg. #GarimaSaikiaGarg #ZubeenGarg #LastRites #RIPZubeenGarg pic.twitter.com/zuWPj84cBi
— Pratidin Time (@pratidintime) September 23, 2025
গায়কের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে। তবে বেশ কিছু প্রশ্ন থেকে যাওয়ায় ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় অসম সরকার। তারপরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
রবিবার গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় বাসভবনে, যেখানে তাঁর বৃদ্ধ বাবা এবং পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তা পৌঁছয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে ভক্তদের ঢল নামে। পোষ্যদের নিয়ে আসা হয় সেখানে, সেই ভিডিও-ও ভাইরাল হয়েছে।
অসমের সাংস্কৃতিক জগতে শূন্যতা তৈরি করে গেলেন জ়ুবিন গর্গ। যে শূন্যতা পূর্ণ হওয়ার নয় কোনওদিনই।