শুধু পাকিস্তানের মানুষই নন, সোশ্যাল মিডিয়ায় এসব কীর্তি দেখে পড়শি দেশেও শোরগোল পড়ে গিয়েছে।

পাকিস্তানি লাস্যময়ী অভিনেত্রী আয়েষা ওমর এই শোয়ের হোস্ট।
শেষ আপডেট: 14 October 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের টিভির পর্দায় তাকিয়ে শিউরে উঠেছেন তামাম দর্শকরা। হচ্ছেটা কী! ইসলামের নামে শপথ নেওয়া আল্লার পবিত্র ভূমিতে একী অনাচার! শুধু পাকিস্তানের মানুষই নন, সোশ্যাল মিডিয়ায় এসব কীর্তি দেখে পড়শি দেশেও শোরগোল পড়ে গিয়েছে। পাকিস্তানের বিনোদন দুনিয়ায় এসেছে লাভ আইল্যান্ড (একটি পৃথিবী বিখ্যাত টিভি রিয়েলিটি শো)। নেটফ্লিক্স সহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়াতে অত্যন্ত জনপ্রিয় লাভ আইল্যান্ড। সেই ধাঁচেই পাকিস্তানের প্রথম ডেটিং রিয়েলিটি শো দেখে ‘গেল গেল রব’ পড়ে গিয়েছে।
পাকিস্তানি লাস্যময়ী অভিনেত্রী আয়েষা ওমর এই শোয়ের হোস্ট। ‘লাজাওয়াল ইশক’ দেখে প্রতিবেশী দেশের লোকজন ‘লাহাউল ভিলা কুয়াত’ অর্থাৎ আল্লার বাইরে কোনও শক্তি বা সামর্থ্য নেই ডাক তুলেছেন। যার মানে দাঁড়াচ্ছে, এই ডেটিং শো যেন পাকিস্তানিদের ঘরের মুরগি নিয়ে পালিয়ে গিয়েছে। কারণ, এই শোয়ে অশ্লীল সবকিছু দেখানো হচ্ছে যা পাকিস্তানিদের মধ্যে নৈতিক অধঃপতন ঘটিয়ে দিতে যথেষ্ট বলে মনে করছে নীতি-পুলিশরা।
এই শোয়ের শ্যুটিং হয়েছে তুরস্কের ইস্তানবুলের বসফোরাস প্রণালীতে। তুরস্কেও এরকম একটি ডেটিং রিয়েলিটি শো চলে, যার নাম আস্ক আদাসি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লাভ আইল্যান্ডের আদলে তৈরি হয়েছে এই শো। লাজাওয়াল ইশকের অর্থ হচ্ছে, প্রেম চিরকালীন। কিন্তু, পাকিস্তানি দর্শকরা এই কথা মানতে নারাজ। অধিকাংশের মতে, ভালবাসা চিরন্তন এক দোয়া যা ভিতর থেকে তৈরি হয়, পারস্পরিক মনের সঙ্গে সংযুক্ত।
এই শোয়ে রয়েছে চারজন পুরুষ একটি বিলাসবহুল বাংলোয় বেশ কয়েকজন মেয়ের সঙ্গে বসবাস করছেন। তাঁদের ঘিরে রয়েছে অসংখ্য ক্যামেরা। গত ২৯ সেপ্টেম্বর এই শোয়ের প্রিমিয়ার লঞ্চ হয়েছে, মোট ১০০টি এপিসোড চলবে। যদিও এর মধ্যেই চিরন্তন প্রেমের পথে আইনের কাঁটা পুঁতে দেওয়া হয়েছে। ইসলামাবাদ হাইকোর্টে লাজাওয়াল ইশক নিষিদ্ধ করার দাবিতে একটি আবেদন জমা পড়েছে।
আবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের বিষয়বস্তু পাকিস্তানের সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে। জাতীয় নীতির পরিপন্থী। এই শোয়ে অশ্লীল-অপবিত্র দৃশ্য রয়েছে যা সমাজে নৈতিক অধঃপতন ডেকে আনবে। যে কারণে আবেদনে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি এবং পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে এপিসোডগুলির উপর কড়া নজর রাখার নির্দেশ দিতে বলা হয়েছে। এছাড়াও ইসলামি ধর্মবোদ্ধাদের ডেকে পরামর্শ নিতে বলা হয়েছে।