
শেষ আপডেট: 9 June 2021 17:31
আগে ডেস্টিনেশন ওয়েডিং বলতে বাঙালি সংবাদমাধ্যমে জেনেছিল বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার কথা। বিদেশে উড়ে গিয়ে কোনও এক নির্জন জায়গায়, প্রকৃতির অপরূপ মায়ায় জড়ানো কোনও এক গাঁয়ে যে বিয়ে করা যায় তা কে জানত?
প্রথম দেখালেন বিরুষ্কা। তারপর গেলেন দীপবীর। দীপিকা পাড়ুকন আর রণবীর সিং। ইতালির তাস্কানিতে বিয়ে সারলেন তাঁরা। কিন্তু সে তো বলিউড আর ক্রিকেটের ব্যাপার। বাঙালির সামনে নুসরত জাহান রুহি আর নিখিল জৈন দেখালেন ডেস্টিনেশন ওয়েডিং কাকে বলে।
তুরস্কের বোদরুম শহর। যব খেতে ঘেরা গ্রাম। গাঢ় নীল জলরাশি আর আকাশ ছোঁয়া পাহাড়ের কোলে ছাদনাতলা। সেখানেই নুসরত জাহান আর নিখিল জৈনের চার হাত এক হয়েছিল। বোদরুমে সিঁদুর পরে সংসদে শপথ নিতেও দেরি হয়েছিল নুসরতের। তার কদিন আগেই লোকসভা ভোটে বসিরহাট থেকে জিতেছিলেন তিনি।
ভোটের আগে হলফনামায় নুসরত জানিয়েছিলেন তিনি সিঙ্গল। শপথ নেওয়ার আগে তিনি 'বিবাহিত' হয়ে যান। লোকসভার ওয়েবসাইট বলছে নুসরত বিবাহিত। আর নুসরত বলছেন প্রশ্নই ওঠে না !
পরিস্থিতি যখন এমন তখন সেই বিয়ের ছবিতে কমেন্ট করে টিপ্পনিতে ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। প্রশ্ন উঠছে, লিভ ইন করার জন্য এত খরচ করে তুরস্কে যাওয়া? নানাবিধ টিপ্পনিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
নুসরতের মা হতে চলার খবরকে ছাপিয়ে যাচ্ছে তাঁর আদৌ বিয়ে হয়েছিল কি না, সেই জল্পনা।
এদিকে আবার নিখিল বলেছেন, "যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাই অ্যানালমেন্টের মাধ্যমে আলাদা হব।’’ আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানি বলে জানিয়েছেন নিখিল।