দাদা প্রসেনজিৎ কিন্তু ভিক্ষা করতে পারেননি—লজ্জায়! পল্লবীর কথায়, “দাদা কাঁদছিল, কিন্তু মা আমাকে যা করতে বলেছে, করেছি।”
.jpg.webp)
কেন এমনটা হয়েছিল?
শেষ আপডেট: 23 June 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: শুধু বড়পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁদের গল্প সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। টলিউডের স্টার সিবলিংস—প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায়। ছোটবেলায় একবার তাঁদের এমন এক কাণ্ডে জড়িয়ে পড়তে হয়েছিল, যা আজ আবার ভাইরাল পুরোনো সাক্ষাৎকার থেকে!
জি বাংলার একটি জনপ্রিয় টক শো-তে (হোস্ট: শাশ্বত চট্টোপাধ্যায়) এসেছিলেন পল্লবী। সেখানেই শাশ্বতের এক প্রশ্ন—“তুমি নাকি একবার ভিক্ষা করে টাকা শোধ করেছিলে?”—উত্তরে পুরোনো দিনের এক অদ্ভুত মজার স্মৃতি তুলে ধরেন তিনি।
ঘটনা ছোটবেলার। নাকতলার বাড়িতে থাকতেন তাঁরা। এক ক্রিম রোল বিক্রেতা প্রতিদিন আসতেন। একদিন পল্লবী ও প্রসেনজিৎ মাকে না বলেই ক্রিম রোল খেয়ে ফেলেন। পরের সপ্তাহে বিক্রেতা টাকার জন্য এলে ঘটে বিপত্তি। বিক্রেতা মাকে সে কথা জানাতেই, মা হতবাক। পল্লবী প্রথমে অস্বীকার করলেও প্রসেনজিৎ কেঁদে ফেলেন।
শাস্তি এল ঘরে। পল্লবী জানান, “মা আমায় একটা পুরোনো ছোট জামা পরিয়ে বলেছিলেন—রাস্তায় গিয়ে ভিক্ষা করে টাকাটা জোগাড় কর।” আর সত্যিই, পল্লবী সেই জামা পরে গিয়েছিলেন রাস্তায়! পাড়ার লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করতেই, সবাই মিলে কিছু কিছু টাকা দেন। ওঠে কুড়ি টাকা। সেখান থেকেই ক্রিম রোলের দাম মেটানো হয়।
দাদা প্রসেনজিৎ কিন্তু ভিক্ষা করতে পারেননি—লজ্জায়! পল্লবীর কথায়, “দাদা কাঁদছিল, কিন্তু মা আমাকে যা করতে বলেছে, করেছি।”
পুরোনো এই ভিডিওক্লিপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন—“স্টারদের জীবনেও যে এমন শাসনের দিন ছিল, বিশ্বাসই হয় না!”