বিজয় দেবরাকোন্ডার বাড়ির আলোকসজ্জা ঘিরে রশ্মিকা মন্দানার সঙ্গে বিয়ের জল্পনা তুঙ্গে।

বিজয় দেবরাকোন্ডা, রশ্মিকা মন্দানা
শেষ আপডেট: 19 February 2026 18:00
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে ঘিরে জল্পনা যেন ক্রমশ তুঙ্গে উঠছে। কয়েক দিন আগেই তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হওয়ার খবর সামনে আসে। সেই ঘটনার পর থেকেই বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। আর এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল বিজয়ের বাড়ির আলোকসজ্জা।
সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে বিজয়ের বাড়ির বাইরের দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ি জুড়ে ঝলমলে আলোর সাজ এবং বিশেষ সজ্জা। যা দেখে অনেকেরই ধারণা, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিজয় বা রশ্মিকা।
শুধু বাড়ির সাজসজ্জাই নয়, সম্প্রতি এই চর্চিত জুটিকে হায়দরাবাদ বিমানবন্দরেও একসঙ্গে দেখা গেছে। কয়েক দিন আগে তাঁরা একসঙ্গে শহর ছেড়েছিলেন। সেই সময় শোনা যায়, উদয়পুরে বিয়ের প্রস্তুতির অগ্রগতি দেখতে গিয়েছিলেন তাঁরা। গুঞ্জন, শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে সেখান থেকেই হায়দরাবাদে ফিরেছেন দু’জনে।
বিয়ের আগে নিজের লুকেও পরিবর্তন এনেছেন বিজয়। একটি চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন বড় চুল রেখেছিলেন। কিন্তু এখন সেই চুল কেটে আগের পরিচিত লুকে ফিরে এসেছেন অভিনেতা। অনেকের মতে, আসন্ন ‘বিগ ডে’র প্রস্তুতির অংশ হিসেবেই এই বদল।
অন্যদিকে, আরও আগে শোনা গিয়েছিল, গত অক্টোবরেই নাকি বিজয়ের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন রশ্মিকা। তাঁর হাতে দেখা কয়েক লক্ষ টাকার আংটিকে ঘিরেও সেই জল্পনা তৈরি হয়েছিল। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে রশ্মিকা হেসেই বলেছিলেন, “সবাই সব জানেন দেখছি!”— তবে সম্পর্ক নিয়ে কোনওদিনই প্রকাশ্যে কিছু স্বীকার করেননি এই জুটি।
শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হওয়ার কথা। তার পর ৪ মার্চ হায়দরাবাদে আয়োজন করা হবে জাঁকজমকপূর্ণ রিসেপশন। সেই অনুষ্ঠানে দক্ষিণী চলচ্চিত্র জগতের আল্লু অর্জুন, রামচরণ, এস এস রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্যদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।