নব্বইয়ের দশকে শচীন তেন্ডুলকর ও শিল্পা শিরোডকরের প্রেম নিয়ে বহু গুজব রটেছিল। অবশেষে সে বিষয়ে মুখ খুললেন দু'জনেই। জানালেন প্রকৃত সত্য।

শিল্পা শিরোডকর ও শচীন তেন্ডুলকর
শেষ আপডেট: 23 July 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: বলিউড আর ক্রিকেট—দুই জগৎ যখন একত্র হয়, তখন শিরোনাম তৈরি হওয়া প্রায় অবধারিত। কেউ বলিউড অভিনেত্রীকে বিয়ে করেন, কেউ বা থেকে যান গুজবেই। তেমনই একটি ‘রোম্যান্স গসিপ’ ঘিরে ছিল ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর ও ৯০-এর দশকের অভিনেত্রী শিল্পা শিরোডকরকে কেন্দ্র করে। বহু বছর ধরে শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে এ নিয়ে অবশেষে মুখ খুলেছিলেন দু’জনেই।
শিল্পা শিরোডকর এক সাক্ষাৎকারে জানান, ১৯৯১ সালে ‘হাম’ ছবির শুটিং চলাকালীনই তাঁর প্রথম সাক্ষাৎ হয় শচীনের সঙ্গে। শিল্পার কথায়, ‘‘শচীন যেখানে থাকতেন, সেখানেই কাকতালীয়ভাবে আমার এক আত্মীয় থাকতেন। ওই আত্মীয় আর শচীন বান্দ্রা ইস্টে একসঙ্গে ক্রিকেট খেলতেন। সেই সূত্রেই আলাপ। তখনই জানতাম, শচীন অঞ্জলির সঙ্গে সম্পর্কে রয়েছেন, যদিও সেটা সবাই জানত না।’’
তিনি স্পষ্ট করে বলেন, “এক অভিনেত্রী এক ক্রিকেটারের সঙ্গে দেখা করল বলেই সবাই ধরে নিল প্রেম! অথচ দেখা হয়েছিল মাত্র একবার।”
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে শচীনকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর সম্পর্কে সবচেয়ে ‘অদ্ভুত গুজব’ কোনটি। তিনি হেসে বলেন, “যে আমি শিল্পা শিরোডকরের সঙ্গে সম্পর্কে ছিলাম। অথচ আমরা একে অপরকে চিনি-ই না।”
শচীন ও অঞ্জলির প্রথম সাক্ষাৎ মুম্বই বিমানবন্দরে। অনজলি পরবর্তী সময়ে নিজে সচিনের ফোন নম্বর সংগ্রহ করেন এবং সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। ১৯৯৫ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে তাঁদের দুই সন্তান—সারা ও অর্জুন।
অন্যদিকে, শিল্পা শিরোডকর ২০০০ সালে বিয়ে করেন লন্ডন-ভিত্তিক ব্যাংকার অপরেশ রঞ্জিতকে। তাঁদের একমাত্র কন্যার নাম অনুষ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, “ওর সৎ-ভাব আমাকে এতটাই আকর্ষণ করেছিল যে, দেখা হওয়ার দেড় দিনের মধ্যেই আমি হ্যাঁ বলে দিই, যদিও জানতাম ও বিদেশে পড়তে যাবে।”