
শেষ আপডেট: 27 April 2023 11:33
দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের পর এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। গতবছর তাঁর পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' এবার ফিল্মফেয়ারে সাতটি বিভাগে মনোনীত হয়েছে। তারপরেও কেন এমন ক্ষোভপ্রকাশ করলেন বিবেক? দিয়েছেন সেই ব্যাখ্যাও। টুইটারে বিবেক জানিয়েছেন, 'আমি এই অনৈতিক এবং সিনেমা-বিরোধী অনুষ্ঠানের অংশ হতে চাই না। তাই খুব ভদ্রভাবে নিমন্ত্রণ প্রত্যাখ্যান ( Vivek Ranjan Agnihotri refuses Filmfare Awards) করলাম।
এখানেই শেষ নয়। বিবেক সেই টুইটে আরও লেখেন যে, 'ফিল্মফেয়ার কর্তৃপক্ষের মনে হয়, তারকা ছাড়া আর কোনও মুখের বোধহয় কোনও দাম নেই। সেই কারণেই ফিল্মফেয়ারের মতো অনৈতিক অ্যাওয়ার্ডে সঞ্জয় লীলা বনশালি কিংবা সূরজ বরজাতিয়ার মতো মাস্টার পরিচালকদের কোনও দাম নেই। সঞ্জয় লীলা বনশালিকে দেখতে লাগে আলিয়া ভাটের মতো, সূরজকে দেখতে লাগে মিস্টার বচ্চনের মতো আর অনিশ বাজমিকে মনে হয় কার্তিক আরিয়ানের মতো। একজন চিত্রনির্মাতা শুধু ফিল্মফেয়ার থেকেই সম্মানিত হন, ব্যাপারটা আদৌ সেরকম নয়। কিন্তু এরকম অপমানজনক ব্যবস্থা বন্ধ হওয়া উচিত।'
উল্লেখ্য, ২০২২ সালে একপ্রকার অপ্রত্যাশিতভাবেই সুপারহিট হয়েছিল বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'। যদিও সমালোচকদের দাবি ছিল, দেশের সরকারের প্রচারে হিট করেছে তাঁর ছবি। শুধু ব্যবসাসফল হওয়াই নয়, সারাবছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবি। এবার ওই সিনেমারই পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী বলিউডের জনপ্রিয় অ্যাওয়ার্ড শো-কে কার্যত একহাত নিলেন। নাম লেখালেন আমির খান, সলমন খানদের তালিকায়।
দুস্থদের বই বিলি না করে খাবার খাওয়ান, 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালককে টুইটারে তুলোধনা