সব ঠিক থাকলেও এদিন ট্রেলার চলাকালীনই হঠাৎ বেঁকে বসে হোটেল কর্তৃপক্ষ। বিবেকের দাবি, তিনি স্টেজে থাকাকালীন হোটেল কর্তৃপক্ষ এসে বলে, এখানে ট্রেলার লঞ্চ করা যাবে না।
.jpeg.webp)
বিবেক অগ্নিহোত্রী
শেষ আপডেট: 16 August 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতার একটি সিনেমা হলে 'দ্য বেঙ্গল ফাইলস' (The Bengal Files)-এর ট্রেলার লঞ্চের পরিকল্পনা করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আয়োজকদের পক্ষ থেকে তা বাতিল করা হলে পরে ঠিক হয় বাইপাসের একটি পাঁচতারা হোটেলে ছবির ট্রেলার লঞ্চ হবে শনিবার। সেই মতো সব ঠিক থাকলেও এদিন ট্রেলার চলাকালীনই হঠাৎ বেঁকে বসে হোটেল কর্তৃপক্ষ। বিবেকের দাবি, তিনি স্টেজে থাকাকালীন হোটেল কর্তৃপক্ষ এসে বলে, এখানে ট্রেলার লঞ্চ করা যাবে না। তাঁর অভিযোগ, এর পেছনেও রাজ্য সরকারের চাপ রয়েছে। যে কারণে এই চাপানউতোর শুরু হয়েছে।
এদিন সকাল থেকেই হোটেল চত্বর পুলিশে পুলিশে ছয়লাপ ছিল। অনেকেই বলাবলি করছিল, কিছু একটা ঝামেলা হতে পারে আঁচ করতে পেরেই নাকি নিরাপত্তা আঁটসাঁট করেছে রাজ্য প্রশাসন। বিবেকের অভিযোগ, রাজনৈতিকভাবে এমন আচরণ করা হচ্ছে। পরিচালক আরও বলেছেন, এদিন স্টেজে যখন ট্রেলার চলছিল, তখনই হঠাৎ তার ছিঁড়ে দেওইয়া হয়। ট্রেলার চলতে চলতেই বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন কিছুই করা হয়নি, কেবল কথা বলতে গিয়েছিল তারা। কলকাতা কর্পোরেশনের অনুমতি নেই বলেও জানিয়েছে এই পাঁচতারা হোটেল।
বস্তুত, বিবেক অগ্নিহোত্রী এর আগেও যখন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল হয়, তখন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। শুক্রবার এক্স হ্যান্ডেলে এ নিয়ে বিবেক একটি ভিডিও শেয়ার করে ট্রেলার লঞ্চ বাতিলের খবর দেন। তিনি জানান, কলকাতায় নির্ধারিত অনুষ্ঠানের আগের দিন একটি প্রথম সারির সিনেমা হল চেন এই অনুষ্ঠান বাতিল করেছে।
তিনি বলেন, 'চিঠিপত্রে সব অনুমতি আমাদের কাছে ছিল। তাই আমাদের পুরো টিম কলকাতায় এসেছিল, কিন্তু এখন আমাদের জানানো হয়েছে যে ইভেন্টটি বাতিল করা হয়েছে। বিবেক আরও বলেন, থিয়েটার চেইনটির অনুষ্ঠান বাতিলের পিছনে কারণ হিসাবে ‘রাজনৈতিক চাপ’ রয়েছে। তারা কোনও ‘রাজনৈতিক অশান্তি’ চান না।
দেরি না করে তার পরপরই ঠিক হয় শনিবার বাইপাসের পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ করা হবে। কিন্তু সেখানেও বাধার সম্মুখীন ছবি কর্তৃপক্ষ।