.jpeg)
সস্ত্রীক ভোগান্তির শিকার বীর দাস
শেষ আপডেট: 15 April 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: পা ভেঙে গিয়েছে স্ত্রীর, তাই বিমান সফরে কোনও রকম অসুবিধা এড়াতে মোট ১ লক্ষ টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। আগে থেকেই বুকিং করা হয়েছিল হুইল চেয়ার। কিন্তু শেষ মুহূর্তে এসে সস্ত্রীক চরম ভোগান্তির মুখে পড়তে হল অভিনেতা-কৌতুক শিল্পী বীর দাস। সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি (Vir Das calls out Air India)।
নিজের সোশ্যাল মিডিয়ায় বীর (Vir Das calls out Air India) লিখেছেন, 'আমি এয়ার ইন্ডিয়ার একজন অনুগত যাত্রী। আমি মনে করি আকাশপথে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের কাছে সবথেকে ভাল কেবিন ক্রু আছে। আমার স্ত্রীর পায়ে চোট থাকায় বিমানের টিকিট সহ একটি হুইল চেয়ার বুক করেছিলাম। আমদের একটি সিটের মূল্য ৫০ হাজার টাকা। কিন্তু আমরা পেয়েছিলাম ভাঙা সিট, ভাঙা টেবিল। আমাদের বলা হয়েছিল বিমানটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। দু'ঘণ্টা দেরিতে দিল্লিতে নামার পর হুইল চেয়ার নিয়ে সমস্যার মুখে পড়তে হল।'
অভিনেতা আরও অভিযোগ করেন, 'বিমানবন্দরে চারটি ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার সামনে থাকা এয়ার হোস্টেসদের স্ত্রীকে সাহায্য করার অনুরোধ করেছিলাম। স্ত্রীকে সাহায্য করার পরিবর্তে তাঁরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। গ্রাউন্ড স্টাফদের কাছে সাহায্য চাইলে তাঁরাও এড়িয়ে চলে যায়।'
এই অভিজ্ঞতার কথা এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে জানালে তিনি বলেন, 'কী করব স্যার, আমরা দুঃখিত'। টার্মিনালে পৌঁছে সেখানে কর্মীদের সামনে হুইলচেয়ারের প্রসঙ্গ তুললে বীর জানতে পারেন, যে তাঁরা নাকি এবিষয়ে কিছুই জানতেন না।
বীর দাসের (Vir Das) এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলতে শুরু করেছে। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি বলেই খবর।