
শেষ আপডেট: 11 June 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১৫, বিকেল ৫.৩০ বাজলেই 'ইচ্ছেনদী' ধারাবাহিকে মেঘলার জমজমাট রসায়ন দেখতে টেলিভিশনের পর্দার সামনে ভীড় করতেন আট থেকে আশি। বিক্রম শোলাঙ্কির সেই রসায়ন আজও ভোলেননি অনেক দর্শক।
ধারাবাহিক শেষ হওয়ার পরেও জুটি হিসেবে বারবার বিক্রম শোলাঙ্কিকে পর্দায় ফিরে পেতে চেয়েছেন বহু দর্শক। তাঁদের সেই প্রত্যাশা এবার পূরণ হওয়ার পালা। 'শহরের উষ্ণতম দিনে' ছবিতে জুটি হিসেবে ফেরত আসছেন দর্শকের প্রিয় সেই অনুরাগ মেঘলা এবার ঋতবান অনিন্দিতা হয়ে।
জুনের শেষ সপ্তাহে ৩০ তারিখ মুক্তি পেতে চলেছে 'শহরের উষ্ণতম দিনে'। পরিচালক অরিত্র সেন রয়েছেন এই ছবির নির্দেশনার দায়িত্বে। এর আগে বৌদি ক্যান্টিন বা ঘরে ফেরার গান সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। এবার ধারাবাহিকের জনপ্রিয় জুটিকেই তিনি বেছে নিয়েছেন তাঁর আসন্ন ছবির প্রধান চরিত্রে।
এই ছবিতে শোলাঙ্কি ওরফে অনিন্দিতা পেশায় একজন রেডিও জকি। বিদেশ যাওয়ার ইচ্ছে থাকলেও কলকাতার টানে অন্য দেশে পাড়ি দেওয়া হয়নি তাঁর। পাশাপাশি, বিক্রমের চরিত্রের নাম ঋতবান। বিদেশে ৫ বছর থাকার পর ফটোগ্রাফার এবং পিএইচডি স্কলার ঋতবান ফিরে আসে কলকাতায় বন্ধুত্বের টানে।
কলকাতার প্রতি ভালবাসা যে এই ছবির অন্যতম ইউএসপি হতে চলেছে তা স্পষ্ট হয়েছিল ছবির শ্যুটিংয়ের সময়ে শোলাঙ্কির ইনস্টাগ্রাম পোস্ট থেকেই। বিক্রম শোলাঙ্কির পাশাপাশি অনামিকা চক্রবর্তীও রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তাঁর চরিত্রের নাম ক্রিস্টিন। জানা যাচ্ছে, কলকাতা ও বন্ধুত্বই হতে চলেছে বিক্রম ও শোলাঙ্কির আসন্ন ছবির অন্যতম প্রধান বিষয়। বাকি গল্প জানতে গেলে অপেক্ষা করতে হবে ৩০ জুন পর্যন্ত।
বেরিয়ে এল রণবীরের হিংস্র রূপ! ‘অ্যানিম্যাল’-এর ঝলক প্রকাশ্যে