
শেষ আপডেট: 20 October 2023 09:15
দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাওয়াতের কেরিয়ারে ‘ক্যুইন’ একটি উল্লেখযোগ্য নাম এবং গুরুত্বপূর্ণ সিনেমা। তার আগে একাধিক ছবি করে ফেললেও ‘ক্যুইন’-এর মাধ্যমেই একজন অভিনেত্রী হিসাবে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি। বিকাশ বহলের পরিচালনায় এই ছবিতে অভিনয়ের পর কঙ্গনাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। শুধু তাই নয়, একজন স্টার পরিচালক হিসাবে বি টাউনে নিজের জায়গা করে নিয়েছিলেন বিকাশও। এবার তাই সেই হিট ছবির সিক্যুয়েল বানাতে উঠে পড়ে লেগেছেন বিকাশ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিকাশ এই নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, তিনি ‘ক্যুইন’-এর সিক্যুয়েল বানাতে খুবই উৎসাহী। এই বিষয়ে তাঁর মাথায় একটি পরিকল্পনাও রয়েছে। বিকাশ বলেছেন, “রোজ সকালে আমি ঘুম থেকে উঠেই একবার বলে ‘ক্যুইন ২’ বানানোর কথা ভাবি। আশা করছি, খুব শিগগিরই এই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারব।” একইসঙ্গে পরিচালক বলেন, “বলিউডে এখনও সিক্যুয়েলের একটা ট্রেন্ড চলছে। তাই ‘ক্যুইন ২’ এলে দর্শকরা দেখতে হল ভরিয়ে দেবেন।”
তবে ‘ক্যুইন ২’-তে কি কঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে? এই প্রশ্নও করা হয়েছিল বিকাল বহলের কাছে। এইমুহূর্তে কঙ্গনা বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। এছাড়াও নিজের মর্জি না হলে তিনি কাজ করতে চান না। তাঁকে কি ‘ক্যুইন ২’-তে কাস্ট করবেন বিকাশ? জবাবে পরিচালক বলেন, “কঙ্গনা একজন অসাধারণ অভিনেত্রী। ওঁর মতো শক্তিশালী নায়িকা বলিউডে খুব কমই আছে। ‘ক্যুইন’-এর সাফল্যের ক্রেডিট আমার একার নয়, কঙ্গনারও। তাই ওঁকে ছাড়া ‘ক্যুইন ২’ ভাবা যায় না। কোনওভাবেই সম্ভব নয়।