
শেষ আপডেট: 23 May 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে স্বপ্নের পথ চলা শুরু হয়েছে বিজয় বর্মার (Vijay Verma)। সাম্প্রতিক কালে একের পর এক ছবিতে তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছে সমালোচক থেকে সাধারণ দর্শকের। কিছুদিন আগেই কান-এর ভারতীয় প্যাভিলিয়নেও দেখা গিয়েছিল অভিনেতাকে। তবে, এত সাফল্যের মধ্যেও অভিনেতাকে সম্প্রতি দ্বারস্থ হতে হয়েছে মনোবিদের (Vijay Verma meets psychologist)।
কিন্তু কেন এমন পদক্ষেপ? বিজয়ের কথায় একের পর এক ছবিতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করতে গিয়ে তাঁর নিজের মানসিক স্বাস্থ্য (psychologist) বিঘ্নিত হয়েছে। ফলে, সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তিনি মনের চিকিৎসা করান।

প্রসঙ্গত, সম্প্রতি, ডার্লিংস, দাহাদ এই প্রতিটি ছবিতেই নেতিবাচক ভূমিকায় দেখা গেছে বিজয়কে। কোথাও তিনি অত্যাচারী স্বামীর ভূমিকায় আবার কোথাও হাড় হিম করা সিরিয়াল কিলারের চরিত্রে।
তবে অন্যান্য চরিত্রে যতই তিনি নিজেকে মানিয়ে নিন, দাহাদ ছবির নিষ্ঠুর খুনির চরিত্রে অভিনয় করতে রীতিমতো বেগ পেতে হয়েছে বিজয়কে। তাঁর কথায়, ছবিটির চিত্রনাট্য পড়েই এক নিষ্ঠুর খুনির মনস্তত্ত্ব বুঝতে তিনি গিয়েছিলেন এক মনোবিদের চেম্বারে। এরপর শ্যুটিং শেষ হলেও চরিত্র থেকে বেরোতে রীতিমতো বেগ পেতে হয় তাঁকে। সেই সময়ও স্বাভাবিক জীবনে ফিরতে বিজয় বর্মা মনোবিদের সাহায্য নিয়েছিলেন বলেই জানিয়েছেন।