
শেষ আপডেট: 3 December 2023 16:58
দ্য ওয়াল ব্যুরো: 'দাহাড়' হোক বা 'জানে জাঁ, কিংবা 'ডার্লিংস', বিজয় বর্মা এখন সিনেপাড়ার অনেকেরই ডার্লিং। ওটিটি প্ল্যাটফর্মে বিজয় এখন চেনা মুখ। তুখোড় অভিনয়ের গুণে পরিচালকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, একটা সময় ছিল, যখন ছবি ফ্লপ হওয়ার ভয়ে পরিচালকরা তাঁকে সই করাতে রীতিমতো ভয় পেতেন। এমনকী, তাঁকে কাস্ট করার আগে জ্যোতিষীদের পরামর্শ নেওয়া হত। সেখান থেকে সম্মতি না এলে বিজয়কেও 'না' শুনতে হত পরিচালকদের কাছ থেকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বিজয় বর্মা।
অভিনেতা জানিয়েছিলেন, তাঁর মুখ দেখে জ্যোতিষীর পয়া মনে না হওয়ায় একটি প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন তিনি। "আমি জানতে পারলাম যে আমাকে একটা চরিত্র করার জন্য নির্বাচন করা হয়েছে। তারপর আমাকে কয়েকটা ছবি পাঠাতে বলা হল। যিনি বলেছিলেন তাঁর নাম আমি নিচ্ছি না। ছবি পাঠানোর পরেই দেখলাম আমাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হল। আমার বিশ্বাস, আমাকে বাদ দেওয়ার কারণ জ্যোতিষী আমার ছবি দেখে পছন্দ করেননি। আমাকে ওই চরিত্রে নেওয়া হলে ছবির সাফল্যের পথ যে সুগম হবে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না ওই জ্যোতিষী, তাই আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল," জানিয়েছেন অভিনেতা।
তবে তিনি হাল ছাড়েননি কখনও। আর তার জন্য অভিনেতা নাসিরউদ্দিন শাহকে ধন্যবাদ জানিয়েছেন বিজয়। "আমরা তখন ছাত্র, নাসির সাহেব বলেছিলেন মনে আছে, যদি তুমি অভিনেতা হতে চাও, কিন্তু তা সত্ত্বেও তোমার দ্বিতীয় পরিকল্পনা তৈরি থাকে, তাহলে সেই দ্বিতীয় পরিকল্পনা মতোই কাজ করো। কারণ, তুমি যদি অভিনেতাই হতে চাও, তাহলে তোমাকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এটা একেবারেই সহজ রাস্তা নয়। তাই আমি সব সময় এই কঠিন সময়ের জন্য প্রস্তুত ছিলাম, আর অপেক্ষা করছিলাম কবে আমার সময় আসে," জানিয়েছেন বিজয়।
সময় তো তাঁর এসেছে বটেই। বিজয় যে হিন্দি ছবি তথা ভারতীয় সিনেমার অত্যন্ত দড় একজন অভিনেতা, তা নিয়ে তর্কের অবকাশ নেই। তাই বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম এবং বড়পর্দা, দু জায়গাতেই পরপর কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এই সাফল্যের জন্য দর্শকদের ধন্যবাদ দিয়েছেন ৩৭ বছর বয়সি অভিনেতা। বিজয় জানিয়েছেন, সিনেমার জগতে এই যাত্রাপথে এত বছর ধরে তিনি যে সমস্ত সম্পর্ক তৈরি করতে পেরেছেন এবং তা থেকে যা ভালোবাসা পেয়েছেন তা অত্যন্ত সুন্দর এবং ব্যক্তিগত। তবে তার মানে এই নয় যে তাঁর আরও ভাল কাজ করার ইচ্ছে মরে গেছে। বরং, বিজয় সবসময় চান যাতে তিনি নিজের সাফল্যকেও ছাপিয়ে যেতে পারেন, জানিয়েছেন অভিনেতা নিজেই।
বর্তমানে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন বিজয়। খুবই শিগগিরই যুগলের বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।