
শেষ আপডেট: 29 May 2019 14:54
এই নিয়ে কম বার ট্রোলের শিকার হতে হয়নি তাঁকে। বহু বার তাঁর শরীরের অতিরিক্ত মেদের দিকে ইঙ্গিত করে অশালীন মিম ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এ সবের মাঝেও অবশ্য একটার পর একটা হিট সিনেমা দর্শকদের দিয়ে গেছেন বিদ্যা। শুধু তাই নয়। 'ডার্টি পিকচার'-এর মতো সিনেমায় অভিনয় করার জন্য তাঁকে শরীরের ওজন বাড়াতেও হয়েছিল বেশ খানিকটা। ওই সিনেমায় তাঁর চরিত্রই যেন মনে করিয়ে দিয়েছিল, জ়িরো ফিগারের ভিড়ে 'কার্ভি' শরীরের কদর হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এভাবেই নেতিবাচক সমালোচনাকে সব সময়েই ইতিবাচক কোনও উৎকর্ষে পৌঁছে দিয়েছেন বিদ্যা। তবে এ বার আর তেমন নয়, সরাসরি আক্রমণ ট্রোলকারীদের। সপাট থাপ্পড় বডি শেমিংয়ের গালে।
দেখুন বিদ্যা বালানের সেই ভিডিও। বলিউডের বিভিন্ন বিখ্যাত গান গেয়ে ভিডিওটি তৈরি করেছেন তিনি। বার্তা দিয়েছেন ইতিবাচকতার।
https://www.youtube.com/watch?v=rOunvdHHNYU#action=share
বিদ্যা তাঁর এই ভিডিওটি শেয়ার করে লেখেন, "আমরা বেশির ভাগই কোনও না কোনও ভাবে বডিশেমিংয়ের শিকার। যখনই আমাদের শারীরিক গঠন সমাজের তৈরি করা মাপকাঠি থেকে একটু এদিক ওদিক হয়, তখনই আমরা বিশ্রী আক্রমণের মুখে পড়ি। তাই, এখানে রইল, বডি শেমিংয়ের বিরুদ্ধে আমার কিছু কথা।"
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর ভক্তেরা প্রশংসায় ফেটে পড়েছেন টুইটারে। কেউ বলেছেন তিনি সাধারণ মানুষের জীবনের বড় অনুপ্রেরণা। কেউ বা বলেছেন, রোজ এমনটা ঘটলেও, বিদ্যার মতো প্রতিবাদ কখনওই তিনি করতে পারেননি। কেউ আবার জানিয়েছেন, বিদ্যার এই ভিডিও নিশ্চয় অনেকের মানসিকতায় বদল আনতে সাহায্য করবে।
এর আগেও আন্তর্জাতিক নারী দিবসে ইনস্টাগ্রামে এক নগ্ন মহিলার ছবি দিয়ে বিদ্যা লিখেছিলেন, "শুভ আন্তর্জাতিক নারী দিবস সকলকে। সবাই নিজের শরীর, মন, আত্মাকে ভালবাসুন। আপনি যেমন, ঠিক তেমন ভাবেই নিজেকে ভালবাসুন। রোগা, ফর্সা বা ধনী হওয়ার চেষ্টা করবেন না। মনে করুন, আপনিই সেরা। কারও সঙ্গে নিজের তুলনা করলে স্বাতন্ত্র্য হারিয়ে যাবে। এই ছবিটা আমাকে এই পোস্টটা লিখতে অনুপ্রাণিত করল। আপনি যদি আমার সঙ্গে একমত হন, ইটস টাইম ট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন।"
দেখুন সেই পোস্ট।
https://www.instagram.com/p/BuuDyHInk_L/?utm_source=ig_embed