
শেষ আপডেট: 29 February 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার ভারতে পা রাখলেন রিহানা! মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির বিয়েতে হলিউড থেকে উপস্থিত হয়েছেন বিখ্যাত গায়িকা রিহানা। এই প্রথমবার ভারতে কনসার্ট করবেন তিনি। যদিও সেটা সাধারণ মানুষদের শোনার ভাগ্য হবে না। গ্র্যামি প্রাপ্ত এই গায়িকার গান শুনতে পারবেন কেবল অম্বানি পুত্রের বিয়েতে নিমন্ত্রিতরাই।
অনন্ত ও রাধিকার বিয়ে হচ্ছে জামনগরে। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন সলমন খান থেকে শুরু করে রণবীর কাপুর, আলিয়া ভাট সহ আরও অনেকে। একই সঙ্গে দেশে এসে পোঁছেছে রিহানার বিরাট লাগেজ। প্রায় এক ডজন বাক্সপ্যাঁটরা নিয়ে হাজির হয়েছে রিহানার টিম। ভাইরাল হল সেই ভিডিও। ভিডিওতে দেখা গেল প্রায় আকাশছোঁয়া উচ্চতার সেই বড় বড় বাক্স এগিয়ে চলেছে বিয়ের ভেন্যুর দিকে। তাতে কী আছে, সেটাই এখন প্রশ্ন নেটদুনিয়ার।
View this post on Instagram
এখন দেশের সবচেয়ে বড় ইভেন্ট মুকেশ অম্বানির ছোট ছেলের বিয়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট জামনগরের রিলায়েন্স টাউনশিপের কাছে জোগওয়াদ গ্রামে একান্ন হাজার গ্রামবাসীদের গুজরাটি খাবার পরিবেশন করেন।
অনন্ত ও রাধিকা অনেক বছর ধরেই একে অপরকে চিনতেন। গত বছরে দুজনের বাগদান হয়। এই বছর বিয়ে। সেই জাঁকালো বিয়ে নিয়ে ‘চায়ে পে চর্চা’ চলছে। কে আসছে, কী মেনু হচ্ছে, সব নিয়েই আলোচনায় মশগুল নেটিজেনরা। গোটা বলিউড তো বটেই নিমন্ত্রিতদের তালিকায় আছে বিল গেটস, মার্ক জুকারবার্গ, রিহানা থেকে শুরু করে আরও অনেকে। রিহানা তো ইতিমধ্যেই হাজির। বাকিরাও কবে আসবেন বা আদৌ আসবেন কিনা সেটাই দেখার।