
শেষ আপডেট: 28 February 2023 09:50
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Prabhat Roy) অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এর আগে একাধিকবার প্রভাতবাবু বলেছেন, "এই ইন্ডাস্ট্রি তাঁকে ভুলে গিয়েছে। তবে আজ ওঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখা করে এলেন আর এক প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)।
টলিউডের সকলে যে এখনও প্রভাত রায়কে ভুলে যায়নি, তা যেন বুঝিয়ে দিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নয়ের দশকের শেষের দিকে ভিক্টরকে নিয়ে একাধিক ছবি তৈরি করেছেন প্রভাতবাবু। যার মধ্যে অন্যতম 'লাঠি'। ছবির গল্প ছিল, বৃদ্ধ বয়সে ছেলে-মেয়ে কেউই বাবা-মা'র পাশে থাকে না। তখন সেই বয়স্ক মানুষের সম্বল হয় একটি লাঠি। আর আজ, বাস্তবে যখন প্রভাতবাবুর বার্ধক্যে পাশে নেই তাঁর সন্তানসম প্রিয় নায়ক-নায়িকারা। সেখানে যেন ঠিক একইভাবে 'লাঠি' হয়ে পাশে দাঁড়ালেন ভিক্টর।
এমনিতে কলকাতার কোলাহল থেকে অনেকটা দূরেই থাকেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে এক পাহাড়ি গ্রামে বসবাস করেন তিনি। সেখান থেকেই খবর পেয়েছিলেন টলিউডের প্রবীণ পরিচালক প্রভাত রায় অসুস্থ। ব্যস! শোনামাত্র ছুটে এসেছেন শহরে। হাসপাতালে গিয়ে দেখা করলেন তাঁর 'প্রভাতদা'র সঙ্গে। প্রিয় অভিনেতাকে দেখে তখন অসুস্থ মানুষটার মুখে একরাশ হাসি। তাই সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে নিজেই ফেসবুকে পোস্ট করলেন প্রভাত রায়।
চলে গেলেন অপরাজিতার মা, মায়ের আদরে-শাসনেই এতটা পথ হেঁটেছেন অপা