রাতের মুম্বইয়ে স্যান্ডো গেঞ্জি পরে বেরোতেই ভাইরাল ভিডিও। পোশাক নিয়ে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন বরুণ ধাওয়ান।

বরুণ ধাওয়ান
শেষ আপডেট: 27 March 2026 12:18
দ্য ওয়াল ব্যুরো: চর্চা আর সমালোচনা যেন পিছু ছাড়ছেই না বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। মাসখানেক আগেই ‘বর্ডার ২’ মুক্তির সময় অভিনয় দক্ষতা নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। শুধু তাই নয়, ছবির প্রচারে মুম্বই মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার ঘটনায় প্রশাসনের রোষানলেও পড়েছিলেন তিনি। একের পর এক বিতর্ক আর সমালোচনার ঝড় সামলাতে না পেরে দু’সপ্তাহ আগে অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণাও করেছিলেন বরুণ। কিন্তু তাতেও যেন সেলেবদের উপর থেকে পাপারাজ্জিদের নজর সরেনি। এবার রাতের মুম্বইয়ে অন্তর্বাস পরে বেরিয়ে ফের কটাক্ষের শিকার হলেন অভিনেতা।
বলিপাড়ার অধিকাংশ তারকা যেখানে ফ্যাশন বজায় রাখতে পোশাক-আশাক নিয়ে সবসময় সচেতন থাকেন, সেখানে বরুণ ধরা দিলেন একেবারেই সহজ, বেপরোয়া ভঙ্গিতে। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের পাপারাজ্জিদের তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতেই দেখা যায়, বাড়ি থেকে স্যান্ডো গেঞ্জি পরেই বেরিয়ে আসছেন বরুণ ধাওয়ান। উপস্থিত পাপারাজ্জিদের ডাকাডাকিতে বিশেষ ভ্রুক্ষেপ করেননি তিনি। দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যান, তবে তাঁদের সম্পূর্ণ উপেক্ষাও করেননি। চালকের পাশের আসনে বসেই ভিতর থেকে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নেড়ে হালকা হাসিতে সাড়া দিতে দেখা যায় অভিনেতাকে।
এই সাধারণ, সাদামাটা মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ বরুণের স্বাভাবিক জীবনযাপন ও নির্লিপ্ত আচরণের প্রশংসা করেন। তাঁদের মতে, তারকারাও সাধারণ মানুষের মতোই স্বাভাবিকভাবে থাকতে পারেন, সেটাই এই ভিডিও প্রমাণ করেছে। তবে নেটদুনিয়ার আরেক অংশ আবার পোশাক নিয়েই তীব্র কটাক্ষ ছুড়তে শুরু করে। কেউ প্রশ্ন তোলেন, “আপনার বাড়িতে কি কোনও জামা নেই?” আবার কেউ বিদ্রূপ করে লেখেন, “দেশের দারিদ্র্যের প্রচারের দায়িত্ব কি আপনাকেই দেওয়া হয়েছে?” কেউ বা মনে করিয়ে দেন, “দাদা, বাড়ি থেকে বেরোনোর আগে শার্টটা অন্তত পরে নিতে পারতেন!”