বলিউডে ডেবিউ করার শুরুতেই উচ্চতা নিয়ে সংশয় ছিল। পাশে ছিলেন অমিতাভ, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো লম্বা তারকারা।

আমির খান
শেষ আপডেট: 11 June 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ডেবিউ করার শুরুতেই উচ্চতা নিয়ে সংশয় ছিল। পাশে ছিলেন অমিতাভ, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো লম্বা তারকারা। কিন্তু আজ? নিজেকে নিয়ে রসিকতা করতেও কুণ্ঠাবোধ করেন না আমির খান। বরং বিশ্বাস করেন, আত্মস্বীকৃত দুর্বলতাকেও সাহসে রূপান্তর করার মধ্যে রয়েছে জীবনের আসল জয়।
আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’-এ আমিরের অন-স্ক্রিন মা তাঁকে ডাকেন ‘টিঙ্গু’। ট্রেলারেই ধরা পড়েছে সেই মুহূর্ত। অথচ এই শব্দে লুকিয়ে রয়েছে আমিরের দীর্ঘ লড়াইয়ের স্মৃতি। সম্প্রতি ‘জাস্ট টু ফিল্মি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘কেরিয়ারের গোড়ায় আমি খুব নার্ভাস ছিলাম। মনে হত, আমার মতো স্বল্প উচ্চতার কেউ আদৌ কি নায়ক হতে পারে?’’ তখন ভারতীয় সিনেমার শীর্ষে ছিলেন ছ’ফুট লম্বা অমিতাভ বচ্চন। পাশে ছিলেন বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো শক্তপোক্ত চেহারার অভিনেতারা। তুলনায় ছোটখাটো গড়নের আমির নিজেকে অসহায়ই ভাবতেন।
তবে নিজেকে নিয়ে আজ আর রাখঢাক নেই। বরং পরিণত আমির আরও আত্মবিশ্বাসী। হাস্যরসকে দেখেন এক রকমের মুক্তি হিসেবে। তাঁর কথায়, ‘‘জাভেদ সাহেব একবার বলেছিলেন, হাস্যরস শুধু মজা করার জন্য নয়, বরং কঠিন সময় পেরিয়ে যেতে সাহায্য করে। আমার মনে হয়, সেই মানসিকতা আমার বরাবরই ছিল।’’
‘সিতারে জমিন পর’ ছবিতে আমিরকে দেখা যাবে এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি শাস্তিস্বরূপ বিশেষভাবে সক্ষম কিছু কিশোরকে খেলাধুলার প্রশিক্ষণ দিতে বাধ্য হন। ছবিটি স্প্যানিশ ছবি 'Campeones'-এর রিমেক। পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। এতে রয়েছেন দশজন নবাগত—আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর। ছবিটি মুক্তি পাবে ২০ জুন।