
শেষ আপডেট: 8 November 2023 20:46
দ্য ওয়াল ব্যুরো: নিজের সাজপোশাক, রিলসের জন্য বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন উরফি যাদব। এই নিয়ে কম বিতর্কে জড়াননি তিনি। কিন্তু তারপরেও উরফি বেপরোয়া! নিন্দকদের কথায় পাত্তা না দিয়ে নিজের চলেন আপন মেজাজে। সম্প্রতি সেই ভিডিও করতে গিয়েই উল্টো বিপদে পড়েছেন অভিনেত্রী। পুলিশের পোশাকের মানহানি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে এফআইআরও। এই পরিস্থিতিতেই এবার অমৃতসরের স্বর্ণমন্দিরে গেলেন তিনি।
বুধবার সকালে উরফি ইনস্টাগ্রামে স্বর্ণমন্দিরে তোলা তিনটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে নিজের বোন ডলিকেও নিয়ে গিয়েছিলেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে স্বর্ণমন্দিরের দিকে হাতজোড় করে প্রণাম করছেন উরফি। তাঁর পরনে হাল্কা গোলাপি রঙের শালোয়ার-কামিজ আর মাথায় ওড়না। আর একটি ছবিতে বোনের সঙ্গে দেখা যাচ্ছে ফ্যাশনিস্তাকে। এমনিতে উরফি মানেই উদ্ভট সমস্ত পোশাক। কিন্তু শালোয়ার পরিহিত অবস্থায় তাঁকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
উল্লেখ্য, ফ্যাশন ক্যাম্পেনে পুলিশের পোশাকের মানহানি করার অভিযোগ উঠেছে উরফির বিরুদ্ধে। মুম্বই পুলিশ একটি বিবৃতিতে লিখেছে, “সোশ্যাল মিডিয়ায় সস্তা প্রচারের জন্য পুলিশের উর্দির অপমান করেছেন উরফি জাভেদ। ভিডিওর সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির ১৭১, ৪১৯, ৫০০ ও ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’ এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাপের মুখে পড়েছেন উরফি। নেটিজেনদের দাবি, এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার প্রার্থনা নিয়েই ফ্যাশনিস্তা এবার ভগবানের শরণাপন্ন হয়েছেন।