আইনি জটিলতা ও সেন্সর বোর্ডের বাধা পেরিয়ে অবশেষে বড় পর্দায় ‘উদয়পুর ফাইলস’।

‘উদয়পুর ফাইলস’
শেষ আপডেট: 9 August 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: সেন্সর বোর্ডের আপত্তি, আদালতে মামলা— একাধিক জটিলতার পর অবশেষে শুক্রবার, ৮ আগস্ট বড় পর্দায় পৌঁছল ‘উদয়পুর ফাইলস’। ২০২২ সালে উদয়পুরে দর্জি কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডের সত্য ঘটনাকে ভিত্তি করে নির্মিত এই ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন মৃত দর্জির পরিবারের সদস্যরা।
মুক্তির দিন উদয়পুরের একটি প্রেক্ষাগৃহে কানহাইয়া লালের দুই ছেলেকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। হলের মাঝে বাবার ছবি রাখা হয়, আর তার দুই পাশে সংরক্ষিত ছিল ছেলেদের আসন। সিনেমায় বাবার মৃত্যুর দৃশ্য দেখার সময় আবেগ সামলাতে পারেননি তারা।
ছবি শেষে ANI-কে দেওয়া সাক্ষাৎকারে কানহাইয়ার ছেলে যশ বলেন, "এই সিনেমাটি দেশের প্রত্যেক নাগরিকের দেখা উচিত। ২০২২ সালের ২৮ জুন আমার বাবার সঙ্গে আসলে কী ঘটেছিল, তা সবাইকে জানতে হবে। দেশে সন্ত্রাসবাদ কত গভীরে শিকড় গেড়েছে, সেটাও বোঝা জরুরি।"
যশ আরও যোগ করেন, "এই ছবি কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করার জন্য নয়। এতে কেবল সত্য ঘটনাই দেখানো হয়েছে। তাই অনুরোধ, একবার অন্তত হলে গিয়ে ছবিটি দেখবেন।"
‘উদয়পুর ফাইলস’-এ দেখানো হয়েছে সেই ভয়াবহ দিন, যেদিন নুপুর শর্মার সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করার অপরাধে দুই ব্যক্তি প্রকাশ্যে দিবালোকে কানহাইয়া লালকে নির্মমভাবে হত্যা করেছিল। ছবিটি পরিচালনা করেছেন ভারত এস শ্রীনাথ ও জয়ন্ত সিনহা, প্রযোজনায় অমিত জানি।
প্রথমে ছবিটি ১১ জুলাই মুক্তির কথা ছিল, কিন্তু ১০ জুলাই দিল্লি হাইকোর্ট আইনি জটিলতার কারণে এর মুক্তিতে স্থগিতাদেশ জারি করে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ৮ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।