এই পুজোতে মুক্তি পাচ্ছে মোট চারটে ছবি। প্রতিটি ছবি হাইবাজেটের। রয়েছে চমকে দেওয়া স্টারকাস্ট। শেষ হাসি হাসবে কে? সে উত্তর তো সময়ই দেবে।
.png.webp)
শেষ আপডেট: 11 July 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: এতদিন প্রতিযোগিতা ছিল তিন পক্ষের। তবে এবার সংখ্যাটা গিয়ে দাঁড়াল চারে। টলিউডে ফিসফাস! উঠছে প্রশ্ন। আচমকা এক ঘোষণায় পরিচালকদের মধ্যেও চাপা অস্বস্তি। তবে কি অভিনেতার চুক্তিভঙ্গ? নাকি লুকিয়ে রয়েছে অন্য সমীকরণ?
উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ-নন্দিতা অভিনীত ছবি 'রক্তবীজ ২' এই পুজোতে আসার কথা। ছবির অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এত অবধি সব ঠিকই ছিল। তবে এ দিন বেলা গড়াতেই আচমকাই খবর মেলে এই পুজোতে মুক্তি পাবে আবিরের আরও এক ছবি। যে ছবির নাম 'যত কাণ্ড কলকাতাতেই'। যার পরিচালক অনীক দত্ত।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। তবে গত বছর পুজোতে আবির অভিনীত উইন্ডোজ প্রযোজিত ছবি 'বহুরূপী' মুক্তি পাওয়ায় অনীকের ছবিটির মুক্তি স্থগিত হয়। তবে এই বার আর পিছিয়ে যাওয়া নয়, ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান দ্য ওয়ালকে জানালেন তেমনটাই। যদিও খবর, উইন্ডোজর সঙ্গে তিন বছরের এক চুক্তিতে রয়েছেন আবির। অর্থাৎ পুজোতে আবির আসবেন শুধুমাত্র উইন্ডোজের প্রযোজিত ছবির হাত ধরেই। তাঁর অন্য কোনও ছবি মুক্তি পাবে না সেই সময়! তাহলে এ ক্ষেত্রে? আবিরের চুক্তিভঙ্গ? ফোন ধরেননি প্রযোজক-পরিচালক।
তবে আর এক ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান দ্য ওয়ালকে বলেন, "গত বছর আমাকে উইন্ডোজ থেকে বলা হয়েছিল ছবিটি পিছিয়ে দেওয়ার জন্য । সেই মতোই পিছিয়ে দিই। তবে এবার কিছু বলা হয়নি। এর আগেও পুজোতে আবিরের দু'টি ছবি মুক্তি পেয়েছে। তাই এবারেও অসুবিধে না হওয়ারই কথা।" ইন্ডাস্ট্রিতে ফিসফাস, অনীকের ছবির প্রচারে নাকি অংশ নেবেন না আবির? সত্যিই কি তাই? হাসানের দাবি, "একটা ছবি যখন মুক্তির কথা ভাবা হয় তখন সবার সঙ্গে আলোচনা করেই সবটা ঠিক হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বাকি যা সিদ্ধান্ত বাকি রয়েছে তা আমরা নিজেরা বসে ঠিক করে নেব। আবির প্রচারে অংশ নেবে না এমন কোনও খবর অন্তত আমার কাছে নেই।"
এই পুজোতে মুক্তি পাচ্ছে মোট চারটে ছবি। প্রতিটি ছবি হাইবাজেটের। রয়েছে চমকে দেওয়া স্টারকাস্ট। শেষ হাসি হাসবে কে? সে উত্তর তো সময়ই দেবে।
