
শেষ আপডেট: 11 March 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালে অক্ষয় কুমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী-লেখিকা টুইঙ্কল খান্না। তাঁদের দুই ছেলেমেয়ে আরভ ও নিতারা। যে কোনও মায়ের মতোই ছেলেমেয়েকে নিয়ে বিস্তর চিন্তা টুইঙ্কলের। তবে ওদের বিয়ে নিয়ে তিনি বেশি ভাবতে নারাজ।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কলামে টুইঙ্কলের সঙ্গে ওর বোনের কিছু কথোপকথন তুলে ধরেছেন অক্ষয় গৃহিণী। বলেন, 'অক্ষয় ১০টার মধ্যে ঘুমিয়ে পড়ে আর আমি নীতা আম্বানির মতো নাচতে পারি না। তাই আমি ছেলেমেয়েকে বলেছি পালিয়ে বিয়ে করবি।'

মিস্টার ফানিবোনস-এর লেখিকা লিখেছেন, 'বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি করার কী দরকার? আম্বানির ইভেন্টের পর এমনিও লোকজনের চাহিদা বেড়ে গেছে। সত্যি কথা বলতে, আমি নীতা ভাবির মতো নাচতে পারি না। শেষবার আমি নেচেছিলাম কোভিডের সময়। 'তাম্মা তাম্মা' গানে নাচতে শুরু করার মুহূর্তেই আমি পড়ে যাই, পায়ে ব্যথা পাই। আমার বর রাত জাগতে পারে না। ১০টা অবধি অনেক কষ্ট করে জেগে থাকে। ২০ জনকে বাড়িতে ডেকে খাওয়ানোর কথা ভাবলে আমাদের দুঃশ্চিন্তা হয়। তাই আমি চাই আমার ছেলেমেয়ে যদি সত্যিই আমাকে খুশি দেখতে চায় তাহলে যেন পালিয়ে গিয়ে বিয়ে করে। ঝামেলা কমে যাবে!'