প্রসেনজিৎও ছেলের পথচলায় নির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন— ছেলেকে সেরা প্রশিক্ষণ দেবেন, কিন্তু টাকা দিয়ে লঞ্চ করাবেন না। কারণ, তাঁর কাছে গুরুত্বপূর্ণ হল প্রতিভা আর পরিশ্রম।

শেষ আপডেট: 2 March 2026 19:11
দ্য ওয়াল ব্যুরো: স্টারকিডদের অভিনয় জগতে আসা এখন আর নতুন ঘটনা নয়। সেই পথেই কি হাঁটতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)–র ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)? সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।
তৃষাণজিৎ ইনস্টাগ্রামে বলিউড অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)–এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দু’জনকেই বেশ স্বচ্ছন্দ এবং হাসিখুশি মেজাজে দেখা গেছে। তবে কেবল ছবি নয়, ক্যাপশনই ইঙ্গিত দিয়েছেন তিনি নতুন কিছু শুরু করার।
তৃষাণজিৎ লিখেছেন, রণবীর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবি দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। শুধু তাই নয়, নিজের নতুন যাত্রার শুরুতে রণবীরের পরামর্শ তাঁকে সাহস ও দিশা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেই কারণেই বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে কমেন্ট বক্স। বন্ধু ও পরিচিতরা তাঁকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন কমেন্ট বক্সে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি, তবু তৃষাণজিতের কথায় স্পষ্ট—তিনি জীবনের এক নতুন অধ্যায়ের দিকে এগোতে প্রস্তুত।
প্রসেনজিৎও ছেলের পথচলায় নির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন— ছেলেকে সেরা প্রশিক্ষণ দেবেন, কিন্তু টাকা দিয়ে লঞ্চ করাবেন না। কারণ, তাঁর কাছে গুরুত্বপূর্ণ হল প্রতিভা আর পরিশ্রম। একসময় যদিও ফুটবলারের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিল তৃষাণজিৎ, পরে নিজেই অভিনয়ের পথে আসার ইচ্ছে প্রকাশ করে। আর বাবার আশীর্বাদ নিয়ে এখন সে তৈরি নতুন লড়াইয়ের জন্য।
বলিউডে শাহরুখ খান যেমন নিজের ছেলে আরিয়ানকে লঞ্চ করেছেন, টলিউডে তেমনই এবার আলোচনার কেন্দ্রে প্রসেনজিৎ-পুত্র। এসভিএফ ইতিমধ্যেই হাত লাগিয়েছে এই বড় পদক্ষেপে। আর ঠাকুরদা বিশ্বজিৎ, বাবা প্রসেনজিৎ আর মা অর্পিতা— তিন প্রজন্মের আশীর্বাদ নিয়েই সামনে আসছে টলিউডের নতুন মুখ।
বাংলার দর্শক অপেক্ষা করছে এখন, কবে রুপোলি পর্দায় ঝলমল করবে ‘ইন্ডাস্ট্রি’ জুনিয়র।