এই অচলাবস্থার প্রভাব পড়ে নতুন ধারাবাহিক প্রতিজ্ঞা-র উপরও। রাজ চক্রবর্তী-র প্রযোজনায় তৈরি এই মেগার সম্প্রচার শুরু হওয়ার কথা ছিল ৭ এপ্রিল থেকেই। কিন্তু কর্মবিরতি এবং পর্যাপ্ত ‘ব্যাঙ্কিং এপিসোড’ না থাকায় শেষ মুহূর্তে তা স্থগিত রাখতে বাধ্য হন নির্মাতারা।

শেষ আপডেট: 8 April 2026 18:12
দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) অকাল মৃত্যুর পর টলিউডে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা ইন্ডাস্ট্রি। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে একজোট হয়ে অবস্থান নিয়েছেন শিল্পী থেকে কলাকুশলীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য—রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে না আসা পর্যন্ত এবং তা পরিবারের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত এই সংস্থার সঙ্গে কোনও কাজ করা হবে না।
এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ছোট পর্দায়। রাতারাতি বন্ধ হয়ে গিয়েছে চিরসখা ধারাবাহিক। এমনকি ওই স্লটে নতুন ধারাবাহিক আনার ঘোষণাও করে ফেলেছে স্টার জলসা। ফলে স্পষ্ট, পরিস্থিতি যে কতটা গুরুতর, তা বোঝা যাচ্ছে এই দ্রুত পরিবর্তনেই। এদিকে সকলে কর্মবিরতির ডাকও দিয়েছিলেন।
এই অচলাবস্থার প্রভাব পড়ে নতুন ধারাবাহিক প্রতিজ্ঞা-র উপরও। রাজ চক্রবর্তী-র প্রযোজনায় তৈরি এই মেগার সম্প্রচার শুরু হওয়ার কথা ছিল ৭ এপ্রিল থেকেই। কিন্তু কর্মবিরতি এবং পর্যাপ্ত ‘ব্যাঙ্কিং এপিসোড’ না থাকায় শেষ মুহূর্তে তা স্থগিত রাখতে বাধ্য হন নির্মাতারা।
তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দ্রুত নতুন দিন ঘোষণা করা হয়। জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে স্টার জলসায় রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হবে প্রতিজ্ঞা, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন অভিকা মালাকার এবং রণজয় বিষ্ণু।
নতুন ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে রাজ চক্রবর্তী জানান, এই গল্পের মূল সুর প্রেম—একটি নিখাদ, নির্ভেজাল ভালবাসার গল্প। তাঁর কথায়, বর্তমান সময়ে যেখানে চারপাশে এত অস্থিরতা, সেখানে দর্শকদের জন্য কিছুটা স্বস্তি ও ভাল লাগার জায়গা তৈরি করাই তাঁদের উদ্দেশ্য। ব্যক্তিগত জীবন থেকে টেনে এনে তিনি বলেন, তাঁর এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর সম্পর্কেও এখনও সেই মিষ্টি ভালবাসা রয়েছে—আর সেই আবহই তুলে ধরা হবে এই ধারাবাহিকে।
সব মিলিয়ে, একদিকে ক্ষোভ, প্রতিবাদ এবং অনিশ্চয়তা—অন্যদিকে নতুন শুরুর চেষ্টা। এই দুইয়ের টানাপোড়েনেই এখন টলিউড।