
শেষ আপডেট: 13 July 2023 08:52
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন টলিউডের (Tollywood) বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। সূত্রের খবর, সপ্তাহখানেক আগেই সেলুলাইটিসের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি (hospitalized) হয়েছিলেন তিনি। সেসময় জেনারেল ওয়ার্ডে ছিলেন মাধবী দেবী। ওখানেই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আগের থেকে একটু ঠিক হলেও বিপদ কাটেনি। তাই এখনও তাঁকে সিসিইউ-তেই রাখা হয়েছে। অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, যে তাঁর দু’পা জুড়ে র্যাশ বেরিয়েছিল। সে কারণে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেশ কিছু টেস্টের পর ডাক্তার জানায়, পায়ে সংক্রমণ হয়েছে তাঁর।
সেই মতো শুরু হয় চিকিৎসা। বর্তমানে একটু সুস্থ আছেন তিনি। বৃহস্পতিবার আবার তাঁর শারীরিক পরীক্ষা হবে। সেই রিপোর্ট দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে মাধবী মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। তবে পুরো বিষয়টিই এখন টেস্টের উপরে নির্ভর করছে। সূত্রের খবর, বুধবার রাতে ওষুধের কারণে ঠিকভাবে ঘুম হয়নি বর্ষীয়ান অভিনেত্রীর। তাই বৃহস্পতিবার সকাল থেকেই তিনি গভীর ঘুমে মগ্ন।
উল্লেখ্য, সেলুলাইটিস আদতে একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই সাধারণ ব্যাকটেরিয়া গুরুতর রোগে ফেলতে পারে মানুষকে। সাধারণত পায়ের নীচের অংশেই এধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। সেসময় ত্বক লাল হয়ে ফুলে যায়। কোনও কিছুতে স্পর্শ হলেই ব্যথা অনুভব হয়। তাই নিজেদের শরীরে এমন র্যাশ দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন ডাক্তাররা।