এমন পরিস্থিতিতে প্রশাসনিক স্তরে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে বলে সূত্রের দাবি। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আমন্ত্রিতদের তালিকা কিছুটা ছাঁটাই করার পরামর্শ দেওয়া হয়েছে নবদম্পতিকে। শোনা যাচ্ছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তাঁরা।

শেষ আপডেট: 2 March 2026 13:34
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান সেরে এবার গ্র্যান্ড রিসেপশনের প্রস্তুতিতে ব্যস্ত দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। আগামী ৪ মার্চ হায়দরাবাদে আয়োজন করা হয়েছে জমকালো রিসেপশন পার্টির। তবে এই আয়োজন ঘিরেই এখন জোর চর্চা—নিরাপত্তা নাকি একধাক্কায় আরও কড়া করা হচ্ছে।
সূত্রের খবর, অনুষ্ঠানে একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকা উপস্থিত থাকতে পারেন। বিয়ের পর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)–র সঙ্গে সাক্ষাৎ করেছেন নবদম্পতি। দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)–এর সঙ্গেও। ফলে তাঁদের রিসেপশনে উচ্চপর্যায়ের অতিথিদের উপস্থিতির সম্ভাবনা জোরালো। পাশাপাশি বলিউড থেকে শুরু করে তেলুগু, তামিল, মালায়ালম ও কন্নড় ছবির প্রথম সারির অভিনেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে প্রশাসনিক স্তরে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে বলে সূত্রের দাবি। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আমন্ত্রিতদের তালিকা কিছুটা ছাঁটাই করার পরামর্শ দেওয়া হয়েছে নবদম্পতিকে। শোনা যাচ্ছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তাঁরা। কোনওভাবেই অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তা কখনই কাম্য নয়, তাই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন সকলে।
এই নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার বিশেষ বার্তা দিলেন বিরোশ। এদিন যাঁরা আমন্ত্রণপত্র পেয়েছেন, তাঁরাই কেবল মাত্র প্রবেশ করতে পারবে, এমনটাই জানালেন তাঁরা। বিনা নিমন্ত্রণে প্রবেশ নিষেধ। বর্তমানের অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানান তাঁরা।
রিসেপশন অনুষ্ঠিত হবে হায়দরাবাদের বিলাসবহুল তাজ কৃষ্ণা (Taj Krishna)–য়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথি ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। বিয়ের মতোই রিসেপশন ঘিরেও বজায় রাখা হচ্ছে কড়া গোপনীয়তা।

হঠাৎ করে কেন নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত—তা নিয়ে নানা জল্পনা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনও কারণ জানানো হয়নি। এখন দেখার, তারকাখচিত এই অনুষ্ঠানে কেমন লুকে ধরা দেন নবদম্পতি এবং তাঁদের বিশেষ দিনের আয়োজনে আর কী চমক অপেক্ষা করছে।