
'সিংহম এগেইন' ছবিতে টাইগার শ্রুফ
শেষ আপডেট: 19 October 2023 16:46
দ্য ওয়াল ব্যুরো: ‘সিংহম’ আবারও ফিরছে। এবং আরও শক্তিশালী হয়ে ফিরছে। গত কয়েক সপ্তাহ ধরেই খবর শোনা যাচ্ছিল যে, হায়দরাবাদে ‘সিংহম এগেইন’-এর শ্যুটিং করছেন অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রুফরা। এরমধ্যেই দিনকয়েক আগে দীপিকার কপ লুকের ছবি প্রকাশ্যে আসে। এবার ছবির পুরনো অভিনেতারা এবং নির্মাতারা প্রকাশ্যে আনলেন টাইগার শ্রুফের নতুন লুক। পরিচালক রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এ এবার একের পর এক তারকা। তাই ছবিটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে।
বলিউডের অন্দরে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল রোহিত শেট্টির কপ ইউনিভার্সে যুক্ত হতে পারেন অভিনেতা টাইগার শ্রুফ৷ অবশেষে সবাইকে চমকে দিয়ে সামনে এল টাইগারের লুক৷ ছবিতে তাঁর চরিত্রের নাম এসিপি সত্য। নিজের ছবি পোস্ট করে টাইগার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এসিপি সত্য অন ডিউটি রিপোর্টিং সিংহম স্যার।’ উল্লেখ্য, এই কপ ইউনিভার্সে দীপিকা পাড়ুকোনকে প্রথম মহিলা কপ হিসাবে দেখা যাবে। তবে ‘অতি তারকায় সিনেমা নষ্ট’-র ভয়ও পাচ্ছেন অনেকে।
View this post on Instagram
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় টাইগারের এসিপি লুকের তিনটি ছবি পোস্ট করা হয়েছে। প্রতিটি ছবিতেই এংগ্রি ইয়ং ম্যান লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। পিছনে জ্বলছে আগুন, আর সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে টাইগার। অজয় দেবগণ তাঁর ছবিগুলি পোস্ট করে অভিনেতাকে তাঁদের পুলিশ স্কোয়াডে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, শুক্রবার মুক্তি পাবে টাইগারের নতুন ছবি ‘গণপথ’। তার আগেরদিনই অভিনেতার নতুন লুক প্রকাশ্যে আসায় উচ্ছ্বসিত ভক্তরা। যেখানে আরও একবার অ্যাকশন অবতারে দেখা যাবে টাইগারকে।