শুটিং চলাকালীন আচমকা ঋতুস্রাব শুরু হওয়ায় জঙ্গলে গিয়ে প্যাড বদলালেন নায়িকা। নভেলি নন্দার পডকাস্টে শেয়ার করলেন পুরনো অভিজ্ঞতা।

কে সেই নায়িকা
শেষ আপডেট: 19 July 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বরাবরই সমাজে রয়ে যাওয়া নানা ট্যাবু ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কখনও সিনেমার মধ্য দিয়ে, কখনও বা জনপ্রিয় মুখদের ব্যক্তিগত স্বীকারোক্তিতে উঠে এসেছে সেই সচেতনতার বার্তা। সমাজের চোখে এঁরা ‘আইকন’, ফলে তাঁদের অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছয়, আরও বেশি প্রভাব ফেলে। সেই তালিকায় এক অনন্য নাম জয়া বচ্চন।
সম্প্রতি নাতনি নভেলি নন্দার পডকাস্টে এসে নিজের ঋতুস্রাব ঘিরে এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন জয়া বচ্চন, যা শুনে অনেকেই স্তম্ভিত। ঘটনা অনেক পুরনোর— এক সিনেমার আউটডোর শুটিং চলাকালীন হঠাৎ বুঝতে পারেন, তাঁর ঋতুস্রাব শুরু হয়েছে। শাড়ির পেছন দিক রক্তে ভিজে গিয়েছে। বিপরীতে নায়ক ছিলেন ধর্মেন্দ্র। কিন্তু আশেপাশে ছিল না কোনও নিরাপদ ঘর বা টয়লেট— ছিল শুধুই জঙ্গল। বাধ্য হয়েই জয়া ছুটলেন জঙ্গলের গাছের আড়ালে। সেখানেই বদলে নিলেন স্যানিটারি ন্যাপকিন।
এই ঘটনাটি আজকের প্রজন্মকে যেমন চমকে দেয়, তেমনই সমাজের অব্যবস্থা এবং পিরিয়ড নিয়ে ‘চুপ করে যাও’ সংস্কৃতির এক কঠোর প্রমাণ। কিন্তু সেই সময়েও পাশে ছিলেন সহশিল্পীরা। পুরুষদের মধ্যে কেউ জয়ার দিকে বাঁকা চোখে তাকাননি, বরং সাহায্যের হাত বাড়িয়েছিলেন। শুটিং বন্ধ রাখা হয়েছিল জয়ার জন্য, আর খোদ ধর্মেন্দ্র এসে চা–কফির প্রস্তাব দিয়েছিলেন।
ঋতুস্রাব নিয়ে এখনও বহু ট্যাবু সমাজে বর্তমান। এই ট্যাবু ভাঙতেই দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে বহু অভিনেত্রী তাঁদের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। কেউ জানিয়েছেন কীভাবে পরিবারে তাঁদের পিরিয়ড শিক্ষা দেওয়া হয়েছিল, কেউ আবার সামাজিক ট্যাবু ভেঙে কাজ করেছেন পিরিয়ড হাইজিন নিয়ে।