আজ গৌরবের দামি গাড়ির কাঁচ নামিয়ে টাকা চায়নি বৃহন্নলা দিদিরা। বরং গৌরবের হাত ধরে সব বৃহন্নলার দল তার হাতে পরিয়ে দিল রাখি।

গ্রাফিক্স শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 9 August 2025 20:15
দ্য ওয়াল ব্যুরো: সমাজে তাদের আমরা 'প্রান্তিক' করে রেখে দিয়েছি। ঘৃণার চোখে তাদের দেখি অথচ তাদের কোনও দোষ নেই। ভগবান তাদের এভাবেই সৃষ্টি করেছেন। ভগবানের ভুল তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। বাবা-মায়েরাও তাদের ঘরে রাখতে পারেনা। সমাজের কাছে একেবারেই তারা কেউ না। তাদের রোজগারের জন্য বাচ্চা নাচাতে হয় বা ট্রাফিক সিগনালে দাঁড়াতে হয়। সবার ভিক্ষাতেই তাদের জীবন নির্বাহ হয়। কোন নির্দিষ্ট কাজ নেই তাদের জন্য। সমাজ তাদের বলে বৃহন্নলা (3rd Gender)।
এই তৃতীয় লিঙ্গ মানুষদেরও যে মন থাকে তা ভাবে না কেউ। বৃহন্নলা মানুষদের মনের পরিচয় আজ পাওয়া গেল রাখিপূর্ণিমার দিন। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) হাতে তারা রাখি পরিয়ে দিল। ট্রাফিক সিগন্যালে গৌরবের গাড়ি দাঁড়াতেই বৃহন্নলা দিদিরা ঘটালেন এমন মন ভাল করা ঘটনা।
এ যেন অন্য এক রাখির গল্প। যাদের ঘরে স্থান নেই তারা বাইরেকেই আপন করে নিচ্ছে। উত্তমকুমারের ভক্ত তারাও। শুধু তাই নয়, টিভিতে সেই উত্তমকুমারের নাতি গৌরবের অভিনয় দেখে অভিনেতার রীতিমতো ভক্ত। রোজই তারা গৌরবকে দেখেন ট্রাফিক সিগন্যালে।

আজ গৌরবের দামি গাড়ির কাঁচ নামিয়ে টাকা চায়নি বৃহন্নলা দিদিরা। যদিও গৌরবের থেকে তারা কোনওদিনও টাকা চায় না, তেমনই জানিয়েছেন অভিনেতা। বরং গৌরবের হাত ধরে সব বৃহন্নলার দল তার হাতে পরিয়ে দিল রাখি। একের পর এক রাখিতে ভরে গেল গৌরবের হাত। খুব খুশি হয়ে গেলেন গৌরব। যা এক অভাবনীয় ঘটনা। দু হাত তুলে বৃহন্নলারা আরও ভাল অভিনয় আরও ভাল কাজ করতে আশীর্বাদ করল। সমাজের দেওয়া সব ঘৃণার কালিমা যেন মুছে গেল এই রাখির ফুলমালার ডোরের আশীর্বাদে।