নির্মল দে ঠিক করলেন সিরিয়াস ছবি ছেড়ে কমেডি ছবি বানাবেন। সেই ভাবনা থেকেই শুরু 'সাড়ে চুয়াত্তর'।

গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 1 September 2025 14:48
উত্তম-সুচিত্রা জুটির প্রথম ছবি ছিল 'সাড়ে চুয়াত্তর'। যে কমেডি-রোম্যান্টিক ছবি দিয়েই এই জুটির জয়যাত্রা শুরু হয়েছিল। কিন্তু উত্তমের বিপরীতে প্রথম পছন্দ সুচিত্রা ছিলেন না। অন্য এক নায়িকাকে ভাবা হয়েছিল উত্তমের বিপরীতে। তিনি মালা সিনহা। কেন উত্তম-মালা জুটি বদলে হয়ে গেল উত্তম-সুচিত্রা জুটি?
পরিচালক নির্মল দে উত্তম-সাবিত্রী-সুপ্রিয়াকে নিয়ে 'বসু পরিবার' ছবি করেছিলেন এরআগে। এবার নির্মল দে ঠিক করলেন সিরিয়াস ছবি ছেড়ে কমেডি ছবি বানাবেন। সেই ভাবনা থেকেই শুরু 'সাড়ে চুয়াত্তর'। প্রধান চরিত্রে তুলসী চক্রবর্তী আর মলিনা দেবী। তবে এক ঝাঁক তরুণ-তরুণী অভিনেতা ছিলেন এই ছবিতে। যাঁরা তখন স্ট্রাগলার। তাঁরা 'সাড়ে চুয়াত্তর' ছবি দিয়েই প্রথম জনপ্রিয়তা পান।

মালা সিনহা তখন ভবানীপুরে থাকেন। যদিও তাঁরা নেপালের লোক ছিলেন। মালা তখন কলকাতা শহরে জলসায় গান গেয়ে উঠতি গায়িকা। সুন্দর মুখ দেখে নির্মল দে মালাকে উত্তমের বিপরীতে কাস্ট করেন।
মালার কাছে প্রস্তাব গেলে মালার বাড়ির লোক বেঁকে বসেন। তখন তাঁরা মালাকে ছবিতে অভিনয় করতে দিতে চান না। জলসায় গান করেন ঠিক আছে কিন্তু ফিল্মে নয়। নির্মল দে পড়লেন মুশকিলে।
খোঁজ খোঁজ নায়িকার খোঁজ। শেষমেষ প্রস্তাব যায় শিল্পপতি আদিনাথ সেনের পুত্রবধূ রমার কাছে। ততদিনে রমার নাম সুচিত্রা হয়েছে সবেসবে। উত্তমও নিশ্চিন্ত হলেন সুচিত্রা তাঁর নায়িকা হচ্ছে শুনে। সুচিত্রা সেন কিন্তু রাজি হলেন এই ছবি করতে।

মালার পরিবর্তে নতুন নায়িকা হয়ে এলেন সুচিত্রা সেন। শুরু হল উত্তম-সুচিত্রা যুগ। সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার, শ্যাম লাহা একাধিক কমেডিয়ান জমিয়ে দিলেন ছবিকে। পরতে পরতে কমেডি। ছবি সুপারহিট। নতুন যুগের যাত্রা শুরু হল।
তবে উত্তম-সুচিত্রা দু'জনেই বলেছিলেন 'সাড়ে চুয়াত্তর ছবির প্রধান হিরো-হিরোইন তুলসী দা আর মলিনা দি। আমরা নই।'

তবে উত্তম-সুচিত্রা যুগের মাঝে উত্তমকুমারের সঙ্গে মালা সিনহা বেশ কিছু হিট ছবি করেছিলেন। 'পৃথিবী আমারে চায়', 'পুত্রবধূ', 'সাথীহারা' প্রভৃতি। মালা বম্বেতে প্রতিষ্ঠা পেয়ে গেলেন বলেই উত্তম-মালা বেশি ছবি হল না। তবে উত্তম-মালা জুটি ভুলবে না বাঙালি।