প্রতীক্ষার অবসান। প্রাইম ভিডিও অবশেষে প্রকাশ করল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের (The Family Man Season 3 Teaser) প্রথম টিজার।

শেষ আপডেট: 27 June 2025 20:48
দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। প্রাইম ভিডিও অবশেষে প্রকাশ করল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের (The Family Man Season 3 Teaser) প্রথম টিজার। মাত্র এক মিনিটের ঝলকেই সাড়া পড়ে গেছে পরিবারে। হ্যাঁ পরিবারে, কারণ দ্য ফ্যামিলি ম্যানের প্রথম দুটো সিজন যাঁরা দেখেছেন, তাঁরা এতদিনে ওই ফ্যামিলিরই যেন মেম্বার হয়ে গেছেন। এবং মুখিয়ে রয়েছেন কবে সিজন থ্রি আসবে। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) ওরফে শ্রীকান্ত তিওয়ারি আবার ফিরেছেন তাঁর অ্যাকশন-প্যাকড ভূমিকায়। তবে এবার যেন খেলাটা আরও বড়, আরও বিপজ্জনক।
টিজারের শুরুতেই দেখা যায়, এক অপরিচিত ব্যক্তি শ্রীকান্তকে তাঁর পেশা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি হেসে বলেন, “লাইফ অ্যান্ড রিলেশনশিপ কাউন্সেলর!” পাশে বসে থাকা স্ত্রী সুচিত্রা (প্রিয়ামণি) চোখ পাকান তাঁর এই ছদ্মবেশ নিয়ে। কিন্তু একটু পরেই শুরু হয় টানটান উত্তেজনা—গোলাগুলি, বিস্ফোরণ আর চেনা ফ্যামিলি ম্যান ঘরানার সেই তীব্র থ্রিল।
এবার সিংহবাহিনী! নতুন মুখে জয়দীপ আহলাওয়াত ও নিমরাত কৌর
এই সিজনে দুই গুরুত্বপূর্ণ সংযোজন—নিমরাত কৌর (Nimrat Kaur) এবং জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)। যদিও নিমরাতের উপস্থিতি টিজারে খুব অল্প সময়ের জন্য, তবে জয়দীপের এক ঝলকেই কাঁপছে নেটপাড়া। তাঁর মুখ ঢাকা, কিন্তু চোখের তীক্ষ্ণতা দেখেই চিহ্নিত করে ফেলেছেন দর্শকরা। অনেকেই বলছেন, এবার বুঝি মনোজ বনাম জয়দীপ—যুদ্ধটা জমে উঠবে।
ভক্তদের উন্মাদনা: “দেশি উইন্টার সোলজার!”
টিজার দেখে এক ভক্ত লিখেছেন, “জয়দীপ আহলাওয়াত! ‘পাতাল লোক’-এর নায়ক থেকে এবার ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর খলনায়ক! আর অপেক্ষা করতে পারছি না।” আরেকজন মন্তব্য করেছেন, “দ্য দেশি উইন্টার সোলজার লুক! একেবারে ঝাঁ চকচকে!” কেউ কেউ স্মরণ করিয়েছেন, ২০১২ সালের কাল্ট ক্লাসিক গ্যাঙস অফ ওয়াসিপুরে (Gangs of Wasseypur) একসঙ্গে ছিলেন মনোজ ও জয়দীপ, যদিও স্ক্রিন শেয়ার করেননি। সেখানে জয়দীপ ছিলেন মনোজের চরিত্রের বাবা শাহিদ খান।
কারা রয়েছেন টিমে?
এই সিজনের গল্প লিখেছেন রাজ, ডিকেকে ও সুমন কুমার। ডায়লগ লিখেছেন সুমিত অরোরা। পরিচালনায় রয়েছেন রাজ ও ডিকে, সঙ্গে সুমন কুমার ও তুষার সেঠ। শ্রীকান্ত এবার দাঁড়াবেন নতুন ও অজানা শত্রুদের বিরুদ্ধে—দেশের ভিতরে ও বাইরের।
মুক্তির দিন কবে?
এখনও ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে টিজার দেখেই বোঝা যাচ্ছে—এই বছর ওটিটি দুনিয়ার সবচেয়ে বড় রিলিজ হতে চলেছে এটি।
এক ঝলকে
নায়ক: মনোজ বাজপেয়ী (শ্রীকান্ত)
নতুন মুখ: জয়দীপ আহলাওয়াত, নিমরাত কৌর
প্রযোজক ও পরিচালক: রাজ ও ডিকে
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও
দর্শকরা এখন শুধু অপেক্ষা করছেন একটি ঘোষণার জন্য—"স্ট্রিমিং শুরু কবে?"