
শেষ আপডেট: 1 August 2023 15:04
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবিতে তিনি একজন তারকা। এর পাশাপাশি মুম্বইয়েও বেশ সুনাম অর্জন করেছেন। বড়পর্দার পাশাপাশি ওটিটির দুনিয়াতেও তাঁর কাজ প্রশংসিত হচ্ছে। তারপরেও মাটিতেই পা রেখে চলতে ভালবাসেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherji)। সম্প্রতি নিজের অটো (auto) রাইডের দু’টি ছবিও (selfie) তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে কলকাতায় তিনি অটো চড়েননি। কিন্তু কোন শহরে গিয়ে তিনি অটোতে চড়লেন, সে কথাও অবশ্য খোলসা করেননি।
কলকাতায় থাকলে নিজের গাড়িতেই যাতায়াত করেন স্বস্তিকা। কিন্তু যখন কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন বা একাধিক শহরে ঘুরে ঘুরে শ্যুটিং করতে হয়, তখন কী করেন অভিনেত্রী? সচরাচর এমন ঘটনায় অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের গাড়ি নেন অথবা গাড়ি ভাড়া করেন। তবে স্বস্তিকা এসব থেকে শতহস্ত দূরে। কম দূরত্বের গন্তব্যে যাওয়ার জন্য তিনি নিজের সময় বাঁচাতে এসব ক্ষেত্রে অটো নিয়ে নেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর দাবি, ‘যে শহরেই থাকি না কেন, কখনওই আমি হাতের কাছে উবার পাই না। ভাই, অটো জিন্দাবাদ।’
দু-একটা ছবি কিংবা সিরিয়ালে অভিনয় করেও আজকাল বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী নিজেদের গাড়ি কিনে নেন। তাতেই যাতায়াত করেন। কিন্তু এতবছর ধরে অভিনয় জগতে থাকার পরেও স্বস্তিকা অটো রাইডের গল্প বলে বুঝিয়ে দিলেন যে, তিনি কতটা সাধারণ এবং ব্যক্তিগত জীবনেও তিনি সেই সাদামাটা ভাবটাই বজায় রেখে চলতে চান। সম্প্রতি এ বিষয়ে স্বস্তিকা সংবাদমাধ্যমেও মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, তাঁর সামর্থ্য অনুযায়ীই তিনি চলতে ভালবাসেন। তবে রাতারাতি খ্যাতি পাওয়া নতুন অনেকেই সেই সাদামাটা জীবনযাত্রা বজায় রাখতে পারছেন না। ফলত ভবিষ্যতে বিপদে পড়ছেন।
উল্লেখ্য, এরমধ্যেই ফের বাংলা সিরিজে কামব্যাক করছেন স্বস্তিকা। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ‘নিখোঁজ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। চলতি মাসেই তা সম্প্রচার শুরু হবে হইচইয়ে। তাঁর বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এই সিরিজে একজন সিঙ্গেল মাদার এবং পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। যার মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। কীভাবে তাঁর মেয়ে হারিয়ে গেলেন, আর শেষ অবধি কি নিজের মেয়েকে উদ্ধার করে পুলিশ এবং মা হিসাবে জিততে পারবেন, সেই নিয়েই গল্প।
'অভিনেতারা সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়!' খবরের শিরোনাম নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী