ছোট পর্দার মধ্য দিয়ে প্রথম ধরা দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সেই পথেই নিজেকে গড়েছিলেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’–তে ‘গোপা’ চরিত্রে তিনি উপহার দিয়েছিলেন এক সহজ উপস্থিতি।

স্বস্তিকা দত্ত
শেষ আপডেট: 17 October 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: ছোট পর্দার মধ্য দিয়ে প্রথম ধরা দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সেই পথেই নিজেকে গড়েছিলেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’–তে ‘গোপা’ চরিত্রে তিনি উপহার দিয়েছিলেন এক সহজ উপস্থিতি। সেই চরিত্রই তাঁকে দর্শকের মনে আবর্তিত করেছিল। ধীরে ধীরে সেই পথ থেকেই এগিয়ে তিনি হেঁটেছেন বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মে, প্রতিটির মাধ্যমেই রেখেছেন নিজের ছাপ।
প্রথম ছবি ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’। পরবর্তীতে ‘ভজ গোবিন্দ’র পর ‘বিজয়িনী’ ধারাবাহিকেও নজর কাড়েন তিনি। ধারাবাহিক ও লাইমলাইটের ফাঁকে তিনি নিলেন এক নতুন পথে অগ্রসর হওয়ার পদক্ষেপ।
২০২৩ সালে ‘ফাটাফাটি’ ছবিতে অভিনয় করে চরিত্র নতুন মাত্রা দিয়েছিলেন। সঙ্গে ২০২৪-এ ‘চালচিত্র’ ও ‘আলাপ’–এর মতো ছবিগুলোতেও তাঁর অভিনয় ছিল চোখ কাড়ার মতো। তাঁর ডিজিটাল উপস্থিতিও সারা ফেলেছে— ‘গভীর জলের মাছ’ সিরিজে তার অভিনয় প্রশংসনীয়।
এবার আরও একবার নতুনভাবে তিনি ফিরছেন। তাঁর অপেক্ষার তালিকায় রয়েছে দুটি নতুন সিরিজ — ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ এবং ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটি মুক্তির অপেক্ষায়।
ছোট পর্দার কাজ থেকে তিনি অনেকটা বিরতিতে ছিলেন। ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। তখন তিনি বলেছিলেন, বেশ কিছু সময় ধরে আর ছোট পর্দায় কাজ করবেন না। তবে ভাল চরিত্রের প্রস্তাব পেতেই সেই সিদ্ধান্ত ফিরে নেওয়া — অভিনয়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও চরিত্রচয়ন একবার আরও গুছিয়ে নিয়ে ফিরিয়ে এনেছে তাঁকে সেই ছোট পর্দায়।
আট বছর পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালনায় স্নেহাশীষ চক্রবর্তী। ধারাবাহিকের ট্যাগলাইন— ‘হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে’ যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, এই নতুন ধারাবাহিক একটি আধুনিক গল্পে সমাজ পরিবর্তনের বার্তা নিয়ে এগোবে। শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।
ছোট থেকে বড়, ধারাবাহিক থেকে সিনেমা ও ওটিটি, সবেতেই তিনি নিজেকে নতুন করে গড়েছেন। এত বছর পর ছোট পর্দায় ফেরা এক নতুন যাত্রার সূচনা। তার অদম্য আবেগ, চরিত্রের গভীরতা — সব মিলিয়ে, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ হতে চলেছে স্বস্তিকার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।