সত্য ঘটনা নিয়ে নতুন ছবি ‘মৃগয়া’। দর্শকমহলে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইতিমধ্যেই। কলকাতা পুলিশের দুঁদে অফিসার দেবাশিস দত্তের লেখা বাস্তব কেস ফাইল ঘিরে তৈরি হয়েছে এই গল্প, যেখানে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এগিয়ে চলে চমকে দেওয়া তদন্ত।

সুস্মিতা
শেষ আপডেট: 29 May 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: সত্য ঘটনা নিয়ে নতুন ছবি ‘মৃগয়া’। দর্শকমহলে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইতিমধ্যেই। কলকাতা পুলিশের দুঁদে অফিসার দেবাশিস দত্তের লেখা বাস্তব কেস ফাইল ঘিরে তৈরি হয়েছে এই গল্প, যেখানে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এগিয়ে চলে চমকে দেওয়া তদন্ত।
ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। ঋত্বিক চক্রবর্তী বন্দুক হাতে রোমাঞ্চের ইঙ্গিত দিতেই মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট—রিজওয়ান, অনির্বাণ ও বিক্রমের ঝকঝকে ‘কপ লুক’ দর্শকদের মনে গভীর ছাপও ফেলে। ‘খলনায়ক’ সৌরভ দাস যেন একেবারে ঝড় তুলে দিয়েছেন। শুধু টিজারে নয়, লুকেও।
তবে এই সবকিছুর মাঝে আলাগাভাবে নজর কাড়লেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এই প্রথমবার বড়পর্দায় আইটেম গানে নাচ! 'শোর মচা' গানে সুস্মিতার উপস্থিতি চোখ টানবেই। সুনিধি চৌহান এবং রানা মজুমদারের কণ্ঠে গান শোরগোল ফেলেছে।
মডেলিং থেকে শুরু করে নানা ধরনের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই নিজের পরিচিতি গড়েছেন সুস্মিতা। কিন্তু এই আইটেম গানে একেবারে নতুন চমক!
সিনেমার ক্লাইম্যাক্সে থাকা এই গানটিই রহস্যে মোড়া গল্পের মোক্ষম মোড় হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন নির্মাতারা।
পরিচালক অভিরূপ ঘোষের এই থ্রিলার অ্যাকশন ছবি ‘মৃগয়া’-র চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় ও সৌমিত দেব। অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, রিজওয়ান রব্বানি শেখ ছাড়াও ছবিতে প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায় এবং নবাগত অনন্যা ভট্টাচার্য রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
জানা যাচ্ছে, জুন মাসের শেষেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মৃগয়া’। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। ট্রেলার মুক্তির পরই তা স্পষ্ট হবে বলে মনে করছেন দর্শকরা। সুতরাং, একদিকে মার্ডার মিস্ট্রি, অন্যদিকে হাই-অকটেন অ্যাকশন—সব মিলিয়ে 'মৃগয়া' যেন এবারের অন্যতম প্রত্যাশিত বাংলা ছবি। আর সুস্মিতার আইটেম ডান্স? সেটি তো আলাদা আকর্ষণ!