
শেষ আপডেট: 10 February 2023 16:03
দ্য ওয়াল ব্যুরো: গান চুরির অভিযোগ উঠেছিল কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবি 'কান্তারা'(Kantara)-র বিরুদ্ধে। সূত্রের খবর, গত ৮ ফেব্রুয়ারি ছবিটির বিরুদ্ধে ‘কপিরাইট’ লঙ্ঘনের অভিযোগ তুলে ছবির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে কোঝিকোড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর গানটি ব্যবহার না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল কেরালা হাইকোর্ট (Kerala High Court)। তবে শুক্রবার সেই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
জানা গেছে, কেরল হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা। শুক্রবার সেই মামলার শুনানির শেষেই এই রায় দেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার একটি বেঞ্চ। শুধু তাই নয়, পরিচালক ঋষভ শেট্টি এবং প্রযোজক বিজয় কিরগান্দুকে গ্রেফতার করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। জানা গেছে, মালয়ালম মিউজিক চ্যানেল কাপ্পা টিভিতে দেখানো 'নভারসাম' গানটির অনুলিপি ছিল ‘কান্তারা’ ছবির গান ‘ভারহাররূপম’। এরপরই সেই মিউজিক চ্যানেল সরাসরি ওই কন্নড় ছবির প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে গান চুরির অভিযোগ তোলে। কপিরাইট লঙ্ঘন করার দায়ের কোঝিকোড় থানায় এফআইআর দায়ের করা হয় দু'জনের বিরুদ্ধে। পাশাপাশি কেরালা হাইকোর্টেও একটি মামলা দায়ের করা হয়।
এরপরই 'কান্তারা'র পরিচালক ঋষভ শেট্টি এবং প্রযোজক বিজয় কিরগান্দুর বিরুদ্ধে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করে হাইকোর্ট। ৮ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা প্রকাশ করে হাইকোর্ট জানায়, আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে ছবির পরিচালক ও প্রযোজককে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে তদন্তকারী অফিসারের কাছে আত্মসমর্পন করতে হবে। এমনকী তদন্তের স্বার্থে জামিন যোগ্য ধারায় গ্রেফতারও করা যাবে দু'জনকে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।
আসবে 'কান্তারা'র প্রথম অধ্যায়, কবে মুক্তি? সিনেমাপ্রেমীদের সুখবর দিলেন ঋষভ শেট্টি