ধর্মেন্দ্রর অসুস্থতার সময় বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন পাপারাজিরা। রেগে গিয়ে তাঁদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করলেন সানি দেওল। বললেন, “লজ্জা করে না?”

সানি দেওল ও ধর্মেন্দ্র
শেষ আপডেট: 13 November 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের হেভিম্যান সানি দেওলের বিখ্যাত সংলাপের কথা মনে পড়ে? ‘ইয়ে ঢাই কিলো কা হাত..,’। বৃহস্পতিবার সেই সানি দেওল (Sunny Deol) রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন। ধর্মেন্দ্র (Dharmendra) বাড়ির বাইরে পাপারাজ়িদের ভিড় দেখে ধৈর্য হারালেন অভিনেতা।
ধর্মেন্দ্রর শারীরিক অসুস্থতা ঘিরে যখন পরিবার উদ্বিগ্ন, ঠিক তখনই অভিনেতার বাড়ির সামনে ছবি ও ভিডিও তুলতে ভিড় জমিয়েছিলেন সংবাদমাধ্যমের ফটোগ্রাফাররা। সেই অবস্থাতেই রাগে ফেটে পড়ে সানি বলেন, “লজ্জা করে না তোমাদের?”
বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের জুহুতে নিজের বাড়ির বাইরে সাংবাদিকদের উদ্দেশে সানি বলেন,“তোমাদেরও বাবা-মা, সন্তান আছে। এভাবে কারও দুঃসময়ে ছবি তুলতে আসা কি ঠিক? একটুও লজ্জা হয় না?”
ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত সানি দেওল বাড়ি থেকে বেরিয়ে আসছেন, হাতজোড় করে পাপারাজ়িদের উদ্দেশে বলছেন— “শরম তো করো! মা-বাপ হ্যায়, বাচ্চে হ্যায়... চু** কি তরহ ভিডিও লে রহে হো!”
ধর্মেন্দ্র এখন বাড়িতেই চিকিৎসাধীন
বুধবারই ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে। সানি দেওলের টিমের তরফে জানানো হয়,“ধর্মেন্দ্রজির চিকিৎসা এখন বাড়িতেই চলবে। আমরা অনুরোধ করছি যেন সবাই পরিবারকে কিছুটা ব্যক্তিগত পরিসর দেন।”
একই সঙ্গে ভক্তদের উদ্দেশে সানি জানান, “আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। বাবার দ্রুত আরোগ্য ও দীর্ঘ জীবনের কামনা করুন।”
এর আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল যে ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন। এক সংবাদসংস্থাই সেই খবর রটানোর নেপথ্যে মূল কারিগর ছিল। দ্রুত সেই খবর খণ্ডন করেন অভিনেতার স্ত্রী হেমা মালিনী ও মেয়ে ইশা দেওল। তাঁরা জানান, ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
দেওল পরিবার অনুরোধ করেছে, এই কঠিন সময়ে যেন কেউ ভিত্তিহীন খবর না ছড়ান এবং গণমাধ্যম কিছুটা সংযম দেখায়। ধর্মেন্দ্র এখনও লক্ষ লক্ষ ভক্তের প্রিয় তারকা — আর সেই ভক্তদের ভালোবাসাই এখন তাঁর সবচেয়ে বড় শক্তি।
Sharam nahi aati, aap ke ghar me bhi maa baap hai- #SunnyDeol angry at media 😡 #Dharmendra pic.twitter.com/csYgRdOame
— $@M (@SAMTHEBESTEST_) November 13, 2025
বলিউডের একদা হিটম্যান বলে পরিচিত ধর্মেন্দ্রর বয়স এখন ৮৯। হাসপাতালে ভর্তি হওয়ার আগেও বেশ সক্রিয় ছিলেন তিনি। খামার বাড়িতে থাকতেন। সেখানে কাজকর্ম দেখাশোনা করতেন। সেই সঙ্গে স্ট্রিক্ট হেল্থ রেজিমে ছিলেন ধর্মেন্দ্র। হঠাৎ করে তাঁর শরীর খারাপ হয়। শ্বাসকষ্ট হচ্ছিল বলে ডাক্তাররা সাময়িক ভাবে তাঁকে ভেন্টিলেশনে রেখেছিলেন। তাতেই গুজব ছড়ায়। তবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।