
শেষ আপডেট: 22 November 2023 11:30
দ্য ওয়াল ব্যুরো: তাঁর প্রতি সুবিচার করা হয়নি। এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও বছরের পর বছর বসে থাকতে হয়েছে। কেউ কাজের প্রস্তাব নিয়ে আসেনি তাঁর আছে। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে বসে সেই কথাই বলছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী। সেকথা শুনে আর চোখের জল ধরে পারলেন না সানি দেওল। কথা বলতে বলতেই হাউহাউ করে কেঁদে ফেললেন তিনি।
বর্তমানে গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের ৫৪তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই নিজের পেশাগত জীবন নিয়ে কথা বলছিলেন বলিউড অভিনেতা সানি দেওল। সেখানেই অভিনেতা নিজের সংগ্রামের কথা ভাগ করে নেন। জানান, কীভাবে গদর মুক্তি পাওয়ার পরেও দীর্ঘদিন কাজ না পেয়ে বসে থাকতে হয়েছে তাঁকে। এদিন তাঁর পাশেই বসেছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী, রাহুল রাওয়াইল, অনিল শর্মা।
সানির বলিউডে পা রাখা ১৯৮৩ সালে বেতাব ছবি দিয়ে। রাহুল যখন সানিকে জিজ্ঞেস করেন, তাঁর বলিউডে যাত্রা কেমন ছিল, তখন সানি বলেন, "আমি অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু বেশি আবেগপ্রবণ, সেটাই আমার সমস্যা।"
"আমি খুব ভাগ্যবান ছিলাম। রাহুলের হাত ধরেই আমি শুরু করেছিলাম। ও আমাকে খুব সুন্দর ৩টে ছবি উপহার দিয়েছিল। সেগুলোর কোনওটা হিট হয়েছে, কোনওটা হয়নি। কিন্তু আজ অবধি মানুষ সেই ছবিগুলোকে মনে রেখেছে। আমি সিনেমার জন্যই আজ এখানে দাঁড়িয়ে আছি। গদর, যা দুরন্ত হিট হয়েছিল, তারপরেই আমার সংগ্রামের সময় শুরু হয়েছিল কারণ আমাকে আর কোনও সিনেমার বিষয় বা স্ক্রিপ্ট দেওয়া হয়নি। মাঝে কিছু ছবি করলেও ২০ বছরের ব্যবধান ছিল। কিন্তু হাল ছাড়িনি। তবে আমি এগিয়ে যাচ্ছিলাম। আমি ছবির জগতে এসেছিলাম কারণ আমি একজন অভিনেতা হতে চেয়েছিলাম, তারকা নয়। আমি বাবার ছবিগুলো দেখেছিলাম, আমিও সেই ধরনের ছবি করতে চেয়েছিলাম," জানিয়েছেন সানি।
এরপরেই রাজকুমার সন্তোষী যোগ করেছেন, “আমি বিশ্বাস করি যে ইন্ডাস্ট্রি সানির প্রতিভার প্রতি সুবিচার করেনি। কিন্তু ঈশ্বর ন্যায়বিচার করেছেন।”
একথা শুনেই আর চোখের জল ধরে রাখতে পারেননি সানি। মুখে হাত চাপা দিয়ে হুহু করে কেঁদে ফেলেন তিনি।
রাজকুমার সন্তোষীর পরিচালনায় ২৭ বছর পর 'লাহোর ১৯৪৭' ছবিতে অভিনয় করতে চলেছেন সানি দেওল। ছবিটি আমির খান প্রযোজনা করবেন। অভিনেতা-পরিচালকদ্বয়ের এই জুটি ঘায়েল (১৯৯০), দামিনী (১৯৯৩) এবং ঘাতক: লিথাল (১৯৯৬) এর মতো বিশাল হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন।