এতদিন ধরে নিজের নামের পাশে আহুজা পদবী ব্যবহার করলেও সম্প্রতি সামাজিক মাধ্যম থেকে সেই পদবীকে বিদায় জানিয়েছেন তিনি। অন্যদিকে নামের বানানেও এনেছেন বদল।

শেষ আপডেট: 17 June 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগেই বলিউড ছিল তোলপাড়। শোনা গিয়েছিল। দীর্ঘ দাম্পত্যের অবসান ঘটাতে চলেছেন ৯-এর দশকের বলি হিরো গোবিন্দা আহুজা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। যদিও সে সময় গোটা ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি তবে সাম্প্রতিক একটি কাণ্ড আবারও উস্কে দিয়েছে সেই বিতর্ক।
এতদিন ধরে নিজের নামের পাশে আহুজা পদবী ব্যবহার করলেও সম্প্রতি সামাজিক মাধ্যম থেকে সেই পদবীকে বিদায় জানিয়েছেন তিনি। অন্যদিকে নামের বানানেও এনেছেন বদল। আগে তাঁর নাম ছিল Sunita, তবে আচমকাই তা হয়ে গিয়েছে Ssunita--যোগ হয়েছে অতিরিক্ত এক 'স'। কেন?
তাঁর দাবি, সংখ্যাতত্ত্বের কারণেই এ হেন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁকে বলা হয়েছিল, এই পরিবর্তন করলে উন্নতি হবে তাঁর জীবনে। হয়েছে কি? অকপট গোবিন্দার স্ত্রী। তিনি জানান, অবশ্যই হয়েছে। গোটা নেটদুনিয়ায় এখন শুধুই তাঁর ভিডিও। যে পরিচিতি পেতে চেয়েছিলেন তা তিনি পেয়ে গিয়েছেন।
তবে সুনীতা এও জানিয়েছেন, খাতায়-কলমে আহুজা পদবী মোটেও ছেড়ে দেননি তিনি। তা তখনই হবে যখন তিনি দুনিয়া ছেড়ে দেবেন। এই মুহূর্তে এক বাড়িতে থাকেন না এই দম্পতি। ঝামেলা নয়, বরং তাঁদের পছন্দ 'স্পেস'। দু'জনকে সেটাই দিচ্ছেন তাঁরা। তবে স্বপরিবারে ঘুরতে যাওয়া থেকে সময় কাটানো-- সে সব তাঁদের চলতেই থাকে।