সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ভাইরাল ভিডিও বিতর্কে মুখ খুললেন সুনীল শেট্টি। কেন কেএল রাহুলের ম্যাচ দেখেন না তিনি, জানালেন কারণ।

কেএল রাহুল, সুনীল শেট্টি
শেষ আপডেট: 7 February 2026 14:42
দ্য ওয়াল ব্যুরো: কেএল রাহুল ও লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একটি ভাইরাল ভিডিও ঘিরে সম্প্রতি ক্রিকেটমহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ওই ভিডিওতে প্রকাশ্যে কেএল রাহুলের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই নেটদুনিয়ায় সমর্থনের ঝড় ওঠে রাহুলের পক্ষে। এই বিতর্কের আবহে এ বার মুখ খুললেন রাহুলের শ্বশুর, অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। জানালেন, জামাইকে নিয়ে তিনি গর্বিত হলেও, রাহুলের খেলা মাঠে বসে দেখতে পারেন না তিনি।
এক সাক্ষাৎকারে ‘লাহারেন ইন্ট্রো’র সঙ্গে কথা বলতে গিয়ে সুনীল জানান, ওই ঘটনার পর রাহুল যে বিপুল ভালবাসা ও সহানুভূতি পেয়েছেন, সে কথা তিনি জানেন। সুনীলের কথায়, “মানুষ ওঁকে কতটা ভালোবাসেন, রাহুল সেটা বোঝেন। সে প্রচুর ভালবাসা আর সহানুভূতি পেয়েছে। কিন্তু আজ পর্যন্ত এই বিষয়টা নিয়ে ও একটাও কথা বলেনি। আমরাও কখনও এ নিয়ে আলোচনা করিনি। সঞ্জীবজি হয়তো সেই সময় কোনও ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন।”
সুনীল আরও বলেন, “অবশ্যই রাহুল কষ্ট পেয়েছে, কারণ গোটা বিশ্ব বিষয়টা দেখেছে। সবাই মতামত দিয়েছে। কিন্তু সেগুলো আমাদের বক্তব্য নয়। আসলে এটা রাহুলের প্রতি সাধারণ মানুষের ভালবাসারই প্রতিফলন।”
জামাইকে নিয়ে নিজের গর্বের কথাও অকপটে জানান সুনীল শেট্টি। তিনি বলেন, “রাহুল আমাদের দেশের প্রতিনিধিত্ব করছে—সে অধিনায়ক হোক, সহ-অধিনায়ক হোক বা দলের নেতৃত্বে থাকুক, এর চেয়ে বড় গর্ব আর কিছু হতে পারে না।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, রাহুল খেললে তিনি ম্যাচ দেখেন না। “আমি সব ম্যাচ দেখি, কিন্তু রাহুল যখন খেলছে, তখন দেখি না,” বলেন সুনীল।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা জানান, “আমি শুধু হাইলাইটস দেখি। গতকাল আহান ম্যাচটা দেখছিল, তাই আমি ভেতরে যাইনি। জানি না এটা আমার কুসংস্কার না ভয়।”
উল্লেখযোগ্যভাবে, সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের সেই ভাইরাল ঘটনার পরেই দিল্লি ক্যাপিটালস আবারও এই ক্রিকেটারকে দলে নেয়।
প্রসঙ্গত, কেএল রাহুল ২০২৩ সালে সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টিকে বিয়ে করেন। ২০২৫ সালের মার্চ মাসে তাঁদের সংসারে আসে কন্যাসন্তান।