লখনউয়ের সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, গান গাইতে গিয়েই গলা বসে যাওয়ায় বিপাকে পড়েন সুনিধি। দর্শকদের সামনে দাঁড়িয়েই তিনি জানান, আগে কখনও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাঁকে।

শেষ আপডেট: 13 March 2026 14:31
দ্য ওয়াল ব্যুরো: সুনিধি চৌহানের কনসার্ট বলে কথা। সকলেই মুখিয়ে থাকেন তাঁর পারফর্ম দেখার অপেক্ষায়। নাচে গানে সম্প্রতিতে যেভাবে মঞ্চ মাতিয়ে রাখেন তিনি, তা এক কথায়, সকলের নজর কাড়ে। তবে এবার মিলল মন খারাপের খবর। কয়েকদিন আগেই লখনউয়ের একটি কনসার্টে আচমকাই কান্নায় ভেঙে পড়েছিলেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। মঞ্চে তাঁর চোখে জল দেখে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।যিনি প্রাণবন্ত গায়কির জন্য পরিচিত, সেই শিল্পীকে এমন অবস্থায় দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন।
লখনউয়ের সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, গান গাইতে গিয়েই গলা বসে যাওয়ায় বিপাকে পড়েন সুনিধি। দর্শকদের সামনে দাঁড়িয়েই তিনি জানান, আগে কখনও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাঁকে। প্রতিটি অনুষ্ঠানে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু সেদিন গলার সমস্যার কারণে তা সম্ভব হয়নি। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তিনি অনুষ্ঠানে ইতি টানেন।
এই ঘটনার পরেই সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। ১৪ মার্চ কলকাতায় (Kolkata Concert) তাঁর একটি কনসার্ট হওয়ার কথা ছিল। শহরের অ্যাকোয়াটিকা প্রাঙ্গণে সেই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলছিল। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করছেন সুনিধি, আর সেই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল কলকাতা।
কিন্তু গলার সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই নির্ধারিত দিনে কলকাতার অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় জানিয়েছেন গায়িকা। এখন ভাবতেই পারেন, যাঁরা টিকিট কাটলেন, তাঁদের কী হবে? তাঁদের জন্যে সুখবর দিলেন গায়িকা।
অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল না করে নতুন তারিখ ঘোষণা করেছেন তিনি। ১৪ মার্চের পরিবর্তে আগামী ২৫ মার্চ কলকাতাতেই সেই কনসার্ট অনুষ্ঠিত হবে এবং স্থানও একই থাকবে। যাঁরা আগেই টিকিট কেটেছেন, তাঁদের নতুন করে কিছু করতে হবে না— একই টিকিটেই ওই দিনের অনুষ্ঠানে যাওয়া যাবে।
অতএব সাময়িক বিরতি নিলেও খুব শিগগিরই আবার মঞ্চে ফিরতে চলেছেন প্রিয় গায়িকা, এমনটাই আশা করছেন তাঁর অনুরাগীরা।