
কেন এমন বললেন সুদীপা?
শেষ আপডেট: 1 May 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয়তৃতীয়া দিনই মেয়ের ছবি সামনে এনেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। গতকাল অর্থাৎ বুধবার ছিল ছোট্ট কৃষভির মুখে-প্রসাদের অনুষ্ঠান। কাঞ্চনদের বাড়িতে মুখেভাত নেই, তাই ইস্কনের মন্দিরে গিয়েই মুখে প্রসাদ দেওয়া হয় তাঁকে।
সেখান থেকেই তাঁর একাধিক ছবি ভাইরাল। শ্রীময়ী নিজেও পোস্ট করেছেন বেশ কিছু ভিডিও। এমনই এক ভিডিওতে কমেন্ট করেছেন সঞ্চালিতা সুদীপা চট্টোপাধ্যায়, যা দেখে হাসি চেপে রাখা কার্যত অসম্ভব।
" />শ্রীময়ীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মায়ের কোলে চেপে ছোট্ট কৃষভি হরিনাম শুনে তালে তালে নাচছে। সেখানেই সুদীপা লেখেন, "চোখ দু'টো একদম বাবার মতো না? এ মেয়ে তো একদম মা লক্ষ্মী। তবে বাড়ির সামনে লাইন পড়বে। বাবা লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে।" কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে এতটাই মিষ্টি যে সুদীপার রসিকতা, বড় হওয়ার পর তাঁর পাণিপ্রার্থীর সংখ্যা নেহাত কম হবে না।"
বুধবার মুখে- প্রসাদে একগুচ্ছ উপহারও পেয়েছে কৃষভি। সোনার হার দিয়েছে দিদা। বাবা কিনেছেন গলার চোকার-নেকলেস। আর মা শ্রীময়ী গড়িয়ে দিয়েছেন রূপোর গয়না। এর আগে মেয়ের মুখেপ্রসাদ নিয়ে দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন কাঞ্চন। তিনি বলেন, "বাড়িতে গোপাল আছে, তাই অন্নপ্রাশন হয় না। তাই ঠিক করেছি ইস্কনে গিয়ে ঠাকুরের প্রসাদ ওর মুখে তুলে দেব। আশা করছি, এরপরেই মেয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারব।" সেই মতোই মেয়ের ছবি এসেছে সামনে। কৃষভির হাসি যেন চুপ করিয়েছে সমালোচকদেরও।