এই বছর দশমী। শাঁখা- সিঁদুর পরিহিতা পৃথা মাকে বরণ করেছেন। তাই নিয়ে কম আলোচনা হয়নি। কটাক্ষের উত্তরও দিয়েছেন পৃথা। বলেছেন...

শেষ আপডেট: 10 October 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: সেদিন গোটা কলকাতা ভিজেছিল। দক্ষিণের জনপ্রিয় সিনেমা হলে যখন 'রাশ' ছবির প্রিমিয়ার শেষ হয়েছিল তখন কালো আকাশের হুঙ্কার রীতিমতো ভয় ধরাচ্ছিল মনে। আর ঠিক এরকমই এক সময়ে পৃথা চক্রবর্তী সেই সিনেমা হলের ঠিক বাইরে যখন অপেক্ষা করছিলেন বৃষ্টি থামার ঠিক সেই সময়ে হিরোসুলভ ভঙ্গিতে আগমন ঘটেছিল সুদীপ মুখোপাধ্যায়ের। মাথায় ছাতা ধরে আগলে রাখছিলেন পৃথাকে। এ দৃশ্য প্রতিবেদকের নিজের চোখে দেখা। উল্লেখ্য, সে সময় কিন্তু তাঁরা ছিলেন অফিসিয়ালি ডিভোর্সড।
কাট টু, এই বছর দশমী। শাঁখা- সিঁদুর পরিহিতা পৃথা মাকে বরণ করেছেন। তাই নিয়ে কম আলোচনা হয়নি। কটাক্ষের উত্তরও দিয়েছেন পৃথা। বলেছেন, "শাঁখা পলা পরা আমার ইচ্ছে। ... আমরা এখনও বালি ও ঋদ্ধির বাবা আর মা, আর সেটা চিরকালের জন্য। সে আমি আবার বিয়ে করি, কী না করি... প্রতি বছর আমি মায়ের বরণ করবই আর শাখা, পলা, সিঁদুর, নোয়া সব পরব...।'

ওদিকে গোটা পুজো দুই ছেলেকে নিয়ে একসঙ্গেই কেটেছে পৃথা-সুদীপের। সামাজিক মাধ্যমে দেখা মিলেছে ছবিরও। অন্যদিকে ইন্ডাস্ট্রির সূত্র বলছে, তাঁরা নাকি ফের একবার থাকতে শুরু করেছেন এক ছাদের নীচে। কী ঘটেছিল মাস কয়েক আগে? ফেসবুক পোস্টে পৃথা লিখেছিলেন, "আমরা আর একসঙ্গে নেই। আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব।" সকলে অবাক হয়েছিল। সেই অবাক হওয়ার রেশ কাটতে না কাটতেই সুদীপ আবার লাইভে বলেছিলেন, সবটাই প্র্যাঙ্ক। সেই প্র্যাঙ্ক কাণ্ডের দু'দিন পর অবশ্য সুদীপ অবশ্য নিজেই জানিয়েছিলেন, প্র্যাঙ্ক নয়, সত্যি! আছি-নেইয়ের এই দ্বন্দ্বের মাঝেই তাঁরা যেন ঠিক 'ছোটগল্প'। যার শেষ হয়েও হয় না শেষ।