
শেষ আপডেট: 17 January 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: 'অ্যানিম্যাল' নিয়ে আলোচনা বন্ধ হওয়ার কোনও ইঙ্গিত নেই। গত ১ ডিসেম্বর এই ছবি মুক্তি থেকেই শুরু হয়েছে বিতর্ক। কারও এই ছবি ভালো লাগছে, কারও নয়। সেই নিয়ে বিতর্কের শেষ নেই। এবার অন্য বিতর্ক পৌঁছল কোর্টের দোরগোড়ায়। সিনেমাটিকে ওটিটিতে মুক্তি পেতে দেবে না এমনই দাবি করেছে ছবির সহ প্রযোজক সিনে ওয়ান স্টুডিয়োজ লিমিটেড।
সহ প্রযোজক মামলা করেছে ছবির মূল প্রযোজক টি সিরিজের বিরুদ্ধে। তাঁদের দাবি দুই সংস্থার মধ্যে টাকা নিয়ে যে চুক্তি হয়েছিল, তা মানেনি টি সিরিজ। চুক্তিতে সহ প্রযোজক সংস্থাকে লাভের ৩৫% দেওয়ার কথা হয়েছিল। কিন্তু টি সিরিজ সেই শেয়ার সহ প্রযোজক সংস্থাকে দেয়নি। ফলে তারা কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে ।
অ্যানিম্যাল মুক্তি পাওয়ার দেড় মাসের মধ্যে সারা বিশ্বে ৯০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। সিনেমাটিতে থাকা বেশ কিছু দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও সেই বিতর্ক প্রকারন্তরে প্রচারেরই কাজ করেছে। এখন ওটিটিতে মুক্তি আটকাতে সহ প্রযোজক সংস্থার করা মামলা রণবীর-রশ্মিকা অভিনীত অ্যানিম্যালকে হাতের মুঠোয় নিয়ে আসার পথে বাধা হয়ে দাঁড়াবে কিনা সেটা জানার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।